ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারকে অপসারণ এবং ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) বাতিলের দাবিতে দেশজুড়ে আন্দোলন ও রাজনৈতিক অস্থিরতা চরমে পৌঁছেছে। গত শুক্রবার রাজধানী দিল্লি থেকে শুরু করে কেরালা ও পাঞ্জাব পর্যন্ত বিভিন্ন প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে।
রাজধানী দিল্লিতে ‘পিপল অ্যাগেইনস্ট এসআইআর’ জোটের ডাকে নির্বাচন কমিশনের কার্যালয় অভিমুখে একটি বিক্ষোভ মিছিল বের হয়। কনট প্লেসের বাংলা সাহিব গুরুদুয়ারা থেকে শুরু হওয়া এই মিছিলে অংশ নেন বিভিন্ন শিক্ষার্থী, কৃষক ও নাগরিক সংগঠনের প্রতিনিধিরা। পুলিশের পূর্বানুমতি ছাড়াই আয়োজিত এই শান্তিপূর্ণ মিছিলে পুলিশ বাধা দেয় এবং বেশ কয়েকজনকে আটক করে। এই জোটের প্রচারাভিযানে যোগ দেওয়ার কথা ছিল ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপের। এদিকে, সিজেপির দুই শীর্ষ নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে দুটি মামলায় তলব করেছিল দিল্লি পুলিশ। শুক্রবার তারা মন্দির মার্গ থানায় হাজিরা দেন।
কেরালায় বাম জোটের বিক্ষোভ: কেরালার নতুন গভর্নর ওম প্রকাশ মাথুরের দায়িত্ব গ্রহণের দিনই লোকভবন অভিমুখে বিক্ষোভ মিছিল করেছে বাম গণতান্ত্রিক ফ্রন্ট (এলডিএফ) ও বিভিন্ন ছাত্র সংগঠন। জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে এ কর্মসূচি পালন করা হয়।
পাঞ্জাব বিধানসভায় প্রস্তাব: অন্যদিকে, পাঞ্জাব বিধানসভায় সিইসি জ্ঞানেশ কুমার ও ভোটার তালিকা হালনাগাদের প্রশাসনিক সিদ্ধান্তের বিষয়ে একটি স্বাধীন তদন্তের প্রস্তাব উত্থাপন করেছেন রাজ্যের অর্থমন্ত্রী হরপাল সিং চিমা।
চেন্নাইয়ের সচিবালয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী কর্মকর্তা অর্চনা পট্টনায়েকের সভাপতিত্বে ভোটার তালিকা সংশোধন সংক্রান্ত এক সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয়। তবে এসআইআর প্রক্রিয়ায় ব্যাপক ত্রুটির অভিযোগ এনে ওই বৈঠক বয়কট (ওয়াকআউট) করে তামিলনাড়ুর ক্ষমতাসীন দল তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে) ও তাদের মিত্ররা। বৈঠক শেষে দলটির পক্ষ থেকে সিইসির পদত্যাগ দাবি করা হয়।
এরই মধ্যে ভারতের নির্বাচন কমিশনের অভ্যন্তরীণ প্রশাসনিক দ্বন্দ্বও প্রকাশ্যে চলে এসেছে। কমিশনের পূর্বানুমোদন ছাড়াই এক শীর্ষ কর্মকর্তা দায়িত্ব পুনর্বণ্টন করায়—দুই নির্বাচন কমিশনার বিষয়টি নিয়ে কেন্দ্রীয় মন্ত্রিপরিষদ সচিবের কাছে লিখিত অভিযোগ করেছেন।
চলমান এসব রাজনৈতিক উত্তেজনার মধ্যেই গত বৃহস্পতিবার নয়াদিল্লিতে ‘এনডিটিভি ওয়ার্ল্ড সামিট ২০২৬’-এ প্রধান বিরোধী দল কংগ্রেসকে তীব্র আক্রমণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কংগ্রেসকে ‘পরজীবী’, ‘মানসিক নকশাল’ ও ‘ব্যর্থ পণ্য’ আখ্যা দিয়ে তিনি বলেন, এই দলটির কারণে সরকারের গঠনমূলক সমালোচনা ও সংস্কারপন্থী আন্দোলনগুলোর মূল কণ্ঠস্বর চাপা পড়ে যাচ্ছে।

Leave a Reply