যুদ্ধবিরতির পরও থামেনি আগ্রাসন: গাজায় নিহতের সংখ্যা ছাড়াল ১৪০০, জানাল অ্যামনেস্টি

ফিলিস্তিনের গাজা উপত্যকায় কথিত যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে ইসরায়েলি বাহিনীর ধারাবাহিক হামলায় ১৪০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। শনিবার (২৪ অক্টোবর) এক প্রতিবেদনে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এই তথ্য নিশ্চিত করেছে।

সংস্থাটি জানিয়েছে, সামরিক আগ্রাসনের পাশাপাশি অবরুদ্ধ এই উপত্যকায় চরম মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। বর্তমানে গাজার প্রায় ২০ লাখ মানুষের জরুরি ভিত্তিতে আশ্রয়ের প্রয়োজন হয়ে পড়েছে। এছাড়া অঞ্চলটির কোনো হাসপাতালেই এখন আর পূর্ণাঙ্গ চিকিৎসাসেবা চালু নেই এবং প্রায় ১৪ লাখ মানুষ তীব্র খাদ্যসংকটের মুখে রয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে অ্যামনেস্টি ক্ষোভ প্রকাশ করে বলেছে, ইসরায়েলি বাহিনীর এসব অপরাধের বিচার ও দায়বদ্ধতার বিষয়টি গাজার ধ্বংসস্তূপের নিচে চাপা পড়তে দেওয়া যাবে না। গাজার ভবিষ্যৎ পুনর্গঠন প্রক্রিয়া অবশ্যই আন্তর্জাতিক আইন, ন্যায়বিচার এবং ভুক্তভোগীদের মৌলিক অধিকারের ওপর ভিত্তি করে হতে হবে।

বিশ্বনেতাদের তীব্র সমালোচনা করে মানবাধিকার সংস্থাটি আরও জানিয়েছে, আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) বাধ্যতামূলক আদেশ মানাতে ইসরায়েলের ওপর কোনো কার্যকর চাপ সৃষ্টি করতে পারেনি আন্তর্জাতিক সম্প্রদায়। বিশ্ববাসীর এই নিরবচ্ছিন্ন নীরবতাই ইসরায়েলকে আরও বেশি নৃশংসতা চালাতে উৎসাহিত করছে বলে হুঁশিয়ারি দিয়েছে অ্যামনেস্টি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *