বিশ্বজুড়ে তরুণদের নেতৃত্বে গড়ে ওঠা বিক্ষোভ এখন সময়ের অন্যতম আলোচিত ঘটনা। ফ্রান্স থেকে শুরু করে ভারত, স্পেন, বেলজিয়াম, পর্তুগাল ও ইতালি—সবখানেই রাজপথে নেমে আসছে নতুন প্রজন্ম। ১৩ থেকে ২৯ বছর বয়সী তরুণদের নেতৃত্বে চলা এসব আন্দোলন ‘জেন-জি বিক্ষোভ’ নামে পরিচিতি পেয়েছে। দেশভেদে তাৎক্ষণিক কারণ ভিন্ন হলেও এসব আন্দোলনের মূলে রয়েছে গভীর অর্থনৈতিক বৈষম্য, সুযোগের অভাব এবং সরকারের প্রতি তীব্র অসন্তোষ।
ফ্রান্স: পর্যাপ্ত তহবিলের অভাবে শিক্ষাব্যবস্থার বেহাল দশার প্রতিবাদে ফ্রান্সে লাখ লাখ শিক্ষার্থী ও তরুণ রাজপথে নেমেছেন। সরকারের দমনপীড়ন সত্ত্বেও এই আন্দোলন দিন দিন আরও তীব্র হচ্ছে।
ভারত: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে তরুণদের জোরালো প্রতিবাদের নাম ‘ককরোচ আন্দোলন’। ভোটার তালিকা থেকে কোটি কোটি মানুষের নাম বাদ দেওয়ার ঘটনায় ক্ষোভ চরমে পৌঁছায়।
স্পেন: আবাসন সংকট এবং উচ্ছেদের শিকার পরিবারগুলোকে রক্ষায় ব্যর্থ আইন নিয়ে স্পেনে ক্ষোভের আগুন জ্বলছে। ৮৭ বছর বয়সী এক নারীর জোরপূর্বক উচ্ছেদ ও মৃত্যুর ঘটনা এই আন্দোলনকে তীব্র করে তোলে।
বেলজিয়াম ও পর্তুগাল: ব্রাসেলসে বিশ্ববিদ্যালয় ফি বৃদ্ধির প্রতিবাদে শিক্ষার্থীরা বিক্ষোভ করায় পুলিশ জলকামান ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। অন্যদিকে, লিসবনে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও আকাশচুম্বী ভাড়ার প্রতিবাদে হাজারো মানুষ সড়কে নেমেছেন।
ইতালি: মিলান ও বোলোনিয়ায় যুদ্ধ এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ পুলিশের সঙ্গে সংঘর্ষে রূপ নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে জলকামান ও কাঁদানে গ্যাস ব্যবহার করা হয়।
১. ক্রমবর্ধমান বৈষম্য: ২০০৮ সালের অর্থনৈতিক সংকটের পর থেকে ইউরোপজুড়ে আয় ও সম্পদের বৈষম্য বেড়েছে। সরকারি সেবা সংকোচন ও কল্যাণমূলক রাষ্ট্রব্যবস্থা দুর্বল হয়ে পড়ায় সাধারণ মানুষের জীবনযাত্রার মান নিচে নেমেছে।
২. দুর্বল শিক্ষাব্যবস্থা ও এআইয়ের প্রভাব: শিক্ষায় পর্যাপ্ত অর্থায়ন ও মানের ঘাটতির পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) অনিয়ন্ত্রিত প্রসার তরুণদের কর্মজীবন শুরুর পথ সংকুচিত করছে। অভিজ্ঞতাহীন তরুণদের জন্য চাকরির বাজারে ঢোকা কঠিন হয়ে পড়েছে।
৩. আবাসনসংকট: বর্তমান প্রজন্মের আয়ের বড় অংশই চলে যাচ্ছে বাড়িভাড়া মেটাতে। নিয়মিত আয় দিয়ে ডাল-ভাত জোগাড় করাই যেখানে কঠিন, সেখানে নিজের একটি আবাসন কল্পনা করাও অসম্ভব হয়ে উঠেছে।
৪. জলবায়ু পরিবর্তনের ঝুঁকি: জলবায়ু সংকট ভবিষ্যৎ প্রজন্মের জীবনকে আরও বেশি অনিশ্চিত করে তুলছে। বৈষম্যমূলক সমাজে এই বিপর্যয়ের মূল চাপ পড়তেছে সাধারণ মানুষ ও তরুণদের ওপর।
বিশ্লেষকদের মতে, শুধু পুলিশি দমনপীড়ন বা কঠোর আইন প্রয়োগ করে এই গণঅসন্তোষ রোখা যাবে না। আগামী এক বছরে ফ্রান্স, স্পেন, ইতালি ও পোল্যান্ডে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এমন সময়ে তরুণদের এই ক্ষোভ ইউরোপসহ বিশ্ব রাজনীতির সমীকরণ পাল্টে দিতে পারে।
এই সংকট থেকে উত্তরণে মানসম্মত সরকারি সেবা নিশ্চিত করা, আবাসন সংকট ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, এআইয়ের দায়িত্বশীল ব্যবহার এবং তরুণদের আস্থার পুনর্বহাল করা সরকারের জন্য এখন সময়ের সবচেয়ে বড় দাবি।

Leave a Reply