শেরপুরে মোটরসাইকেলের ৫ টাকা টোল নিয়ে সংঘর্ষ, সড়ক অবরোধ ও সাংবাদিক পেটানোর ঘটনা

মাত্র পাঁচ টাকার মোটরসাইকেল টোল দেওয়াকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে শেরপুর ও জামালপুর সীমান্ত এলাকা। ব্রহ্মপুত্র সেতুর টোলপ্লাজায় টোল আদায়কারী কর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, সড়ক অবরোধ এবং এক সাংবাদিক ও তাঁর ছেলেকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যার দিকে শুরু হওয়া এই উত্তেজনা চলে মধ্যরাত পর্যন্ত।

ভুক্তভোগী ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় জামালপুরের স্থানীয় সাংবাদিক ফরিদুল ইসলামের ছেলে সাদিকুর রহমান সুমন তাঁর দুই বন্ধুকে নিয়ে মোটরসাইকেলে করে ব্রহ্মপুত্র সেতু এলাকায় ঘুরতে যান। এ সময় সেতুর টোলপ্লাজায় পৌঁছালে তাঁদের কাছে ৫ টাকা টোল দাবি করা হয়। সেতু পার না হয়ে সেতুতেই অবস্থান করবেন জানিয়ে তাঁরা টোল দিতে অস্বীকৃতি জানান। অভিযোগ রয়েছে, এর জের ধরেই টোলপ্লাজার কর্মীরা সাদিকুরের ওপর চড়াও হন এবং তাঁকে মারধর করেন।

ঘটনার খবর পেয়ে বিষয়টি মীমাংসা করতে ও তথ্য জানতে বেশ কয়েকজন সংবাদকর্মী টোলপ্লাজায় যান। কিন্তু সেখানেও তাঁদের ওপর হামলা চালায় টোলপ্লাজার কর্মীরা। এতে জামালপুরের সাংবাদিক শহিদুল ইসলাম তুফান আহত হন।

এই খবর ছড়িয়ে পড়ার পর ক্ষুব্ধ স্থানীয় জনতা, স্বজন ও সুমনের বন্ধুরা প্রথমে জামালপুর শহরের বন্দেরবাড়ী এলাকায় এবং পরে ব্রহ্মপুত্র সেতুর জামালপুর অংশের টোলপ্লাজার সামনে সড়ক অবরোধ করেন। এতে শেরপুর-জামালপুর সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং দুর্ভোগে পড়েন শত শত যাত্রী ও চালক। এ সময় উত্তেজিত জনতা অবিলম্বে ওই সেতুতে টোল আদায় বন্ধেরও দাবি জানান।

খবর পেয়ে শেরপুর ও জামালপুর জেলার পুলিশ এবং বিএনপি নেতা হযরত আলীসহ স্থানীয় রাজনৈতিক ব্যক্তিরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। উভয় পক্ষের হস্তক্ষেপে মধ্যরাতের দিকে পরিস্থিতি শান্ত হয় এবং যান চলাচল স্বাভাবিক হয়।

ভুক্তভোগী সাদিকুর রহমান বলেন, “টাকা দিতে দেরি হওয়ায় আমাকে মারধর করা হয়েছে। যারা আমাকে মেরেছে, তাদের দ্রুত গ্রেপ্তার করতে হবে।”

অন্যদিকে, টোলপ্লাজার ম্যানেজার ওসমান আলীর দাবি, তাঁদের লোকজনের ওপরই প্রথমে হামলা চালানো হয়েছিল, যার ফলে এই হাতাহাতির ঘটনা ঘটে।

শেরপুরের পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম জানান, দুই জেলার পুলিশ ও রাজনৈতিক নেতাদের যৌথ প্রচেষ্টায় পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জানা গেছে, বিষয়টি নিয়ে আজ শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় একটি সমঝোতা বৈঠক হওয়ার কথা রয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *