ফ্রান্সজুড়ে চলমান রাজনৈতিক অস্থিরতার মাঝেই জার্মানিতেও অস্থিতিশীলতা তৈরির চক্রান্ত করার অভিযোগে মস্কোকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ। তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, বার্লিন বর্তমানে অভ্যন্তরীণ চরমপন্থী দল এবং দেশের বাইরে থাকা শত্রুদের তীব্র চাপের মুখে রয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) নিজের রক্ষণশীল দল ক্রিশ্চিয়ান ডেমোক্র্যাটসের (CDU) সহযোগী বাভারিয়ান দল ক্রিশ্চিয়ান সোশ্যাল ইউনিয়ন-এর (CSU) এক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে এই অভিযোগ করেন চ্যান্সেলর।
রাশিয়াকে একটি ‘আগ্রাসী রাষ্ট্র’ হিসেবে আখ্যায়িত করে ফ্রিডরিখ মের্জ বলেন, মস্কো বর্তমান এই সংকটের সুযোগ নিয়ে জার্মানিতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে। দেশের এই সংকটময় মুহূর্তে সামাজিক স্থিতিশীলতা ধরে রাখতে এবং অভ্যন্তরীণ নিরাপত্তা সুদৃঢ় করতে জরুরি ভিত্তিতে কার্যকর অর্থনৈতিক সংস্কার বাস্তবায়নের ওপর জোর দেন তিনি। একই সঙ্গে, জাতীয় স্বার্থ রক্ষায় সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান জার্মান চ্যান্সেলর।

Leave a Reply