গোপালগঞ্জে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ-যুবলীগের মিছিলে বাধা, পুলিশের গাড়িতে হামলা ও ভাঙচুর

গোপালগঞ্জ সদর উপজেলার রঘুনাথপুরে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিলে বাধা দেওয়ায় পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় বিক্ষুব্ধ হামলাকারীদের লাঠিসোঁটার আঘাতে পুলিশের গাড়ির কাচ ভাঙচুর করা হয় এবং দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।

আজ শনিবার (২৪ অক্টোবর) বিকেলে সদর উপজেলার রঘুনাথপুর এলাকার বুড়িমার গাছতলা নামক স্থানে এই সহিংসতার ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেল ৩টার দিকে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের কিছু নেতাকর্মী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে হঠাৎ একটি মিছিল বের করেন। ওই সময় আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত টহল পুলিশের একটি দল মিছিলে বাধা দিতে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এতে ক্ষিপ্ত হয়ে মিছিলকারীরা লাঠিসোঁটা নিয়ে আকস্মিকভাবে পুলিশের গাড়ির ওপর চড়াও হয় এবং ব্যাপক ভাঙচুর চালায়। হামলাকারীদের এলোপাতাড়ি লাঠির আঘাতে দুই পুলিশ সদস্য আহত হন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য ঘটনাস্থলে পৌঁছায়। এই ঘটনায় জড়িত হামলাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে পুলিশের জোরালো অভিযান চলছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *