গাজীপুরের টঙ্গীতে মাদক ব্যবসায় বাধা দেওয়ায় স্থানীয় ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি শেখ নজরুল ইসলামকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে টঙ্গী পূর্ব থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করা হয়েছে।
শনিবার বিকেলে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাকছুদুল আলম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে টঙ্গীর মরকুন বেপারী পাড়া এলাকায় একটি মাছের খামারের পাশে ঘর তুলে মাদক কেনাবেচা ও সেবন করে আসছিলেন স্থানীয় দুলাল মিয়ার ছেলে শুভ ও মিজান মিয়ার ছেলে সোহানসহ বেশ কয়েকজন। বিএনপি নেতা নজরুল ইসলাম বিষয়টি দেখতে পেয়ে নিয়মিত তাদের বাধা দিতেন।
এর জেরে গত মঙ্গলবার রাতে নজরুল ইসলাম নিজের মাছের খামার দেখতে গেলে ওত পেতে থাকা শুভ ও সোহান তাকে একা পেয়ে চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক আহত করেন। পরবর্তীতে তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে ভর্তি করেন।
শনিবার দুপুরে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় আহত বিএনপি নেতা নজরুল ইসলাম নিজের জীবনের নিরাপত্তা দাবি করেন এবং হামলাকারী শুভ ও সোহানকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবি জানান।
এদিকে, অভিযুক্ত শুভ ও সোহান তাদের বিরুদ্ধে ওঠা মাদক ব্যবসা ও সেবনের অভিযোগ অস্বীকার করেছেন।

Leave a Reply