টঙ্গীর মাদ্রাসায় শিশু হেনস্তা ও ভাঙচুরের ঘটনা: রুমির গ্রেফতারে পুলিশের অবস্থান নিয়ে ধোঁয়াশা

টঙ্গীর আউচপাড়া এলাকার ক্বারিউল কুরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসায় ছয় বছরের এক ছাত্রীকে হেনস্তার অভিযোগ এবং পরবর্তীতে সৃষ্ট উত্তেজনার ঘটনায় শাহজালাল রুমিকে গ্রেফতারে পুলিশের অভিযান নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। পুলিশ ও স্থানীয় প্রশাসনের ভিন্নমুখী বক্তব্যে বিষয়টি নিয়ে নানা আলোচনার জন্ম দিয়েছে।

গত ২১ অক্টোবর মাদ্রাসার এক ছাত্রীকে চুমু দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত হয়। এ ঘটনায় শিশুটির পরিবারের পক্ষ থেকে করা মামলায় মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মো. মোসলেম আহমদকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়। পরবর্তীতে ২২ অক্টোবর ভুক্তভোগী শিশুটি আদালতে জবানবন্দি দেয়। পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। গ্রেফতাকৃত মোসলেম আহমদের বাড়ি কুড়িগ্রামের রৌমারী থানার কর্তিবাড়ী মাস্টারপাড়া এলাকায়; তিনি টঙ্গীর আউচপাড়ায় ভাড়া থাকতেন।

অন্যদিকে, মাদ্রাসার অধ্যক্ষ ক্বারী মো. আলমাছ হোসেন গাজীপুরী অভিযোগ করেন যে, একদল লোক প্রতিষ্ঠানে প্রবেশ করে ভাঙচুর চালিয়েছে এবং শিক্ষক-কর্মচারীদের মারধর করেছে। এ ঘটনায় তিনি থানায় একটি মামলা দায়ের করেন। শিশুটির বাবা শাহজালাল রুমি তার বিরুদ্ধে ওঠা ভাঙচুরের অভিযোগের নিরপেক্ষ তদন্ত দাবি করার পাশাপাশি মেয়ের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার সুষ্ঠু বিচার চেয়েছেন।

শুরুতে একাধিক গণমাধ্যমে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসেনের বক্তব্য উদ্ধৃত করে জানানো হয়েছিল যে, মাদ্রাসায় ভাঙচুরের ঘটনায় শাহজালাল রুমিসহ অজ্ঞাতনামা ১৫ জনকে গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে।

তবে শনিবার (২৪ অক্টোবর) রাত ১টার দিকে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসেন সংবাদমাধ্যমকে জানান, তদন্তের স্বার্থে অভিযানের বিস্তারিত তথ্য এই মুহূর্তে প্রকাশ করা হচ্ছে না। তিনি বলেন, “তদন্তের স্বার্থে আমরা গ্রেফতারের বিষয়টি নিয়ে এখনই কথা বলতে চাই না। যখন অভিযানের কথা বলেছিলাম, তখন তদন্ত অন্য পর্যায়ে ছিল। এটি একটি টেকনিক্যাল ইস্যু। গোপনীয়তা বজায় রেখেই আমরা কাজ করছি।”

এদিকে, শনিবার রাতে প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন তার ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে ভিন্ন তথ্য জানান। তিনি লেখেন, “গাজীপুর পুলিশ কমিশনারের সঙ্গে আমি কথা বলেছি। টঙ্গীর মাদ্রাসার ঘটনায় শাহজালাল রুমিকে গ্রেফতার করার কোনো সিদ্ধান্ত পুলিশ নেয়নি এবং পুলিশ কোনো অভিযানও পরিচালনা করেনি। সরকারের পক্ষ থেকেও গ্রেফতারের কোনো পরামর্শ পুলিশকে দেওয়া হয়নি। কতিপয় মিডিয়ায় শাহজালাল রুমির গ্রেফতারের অভিযানের বিষয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশিত হয়েছে।”

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *