আজ থেকে শুরু ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন আজ সোমবার (৯ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় জাতীয় সংসদ ভবনে শুরু হচ্ছে। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে এ অধিবেশন আগামী ১৮ নভেম্বর পর্যন্ত চলার কথা রয়েছে।

সংবিধান অনুযায়ী একটি অধিবেশন শেষ হওয়ার পরবর্তী ৬০ দিনের মধ্যে নতুন অধিবেশন বসার বাধ্যবাধকতা রয়েছে। সেই সাংবিধানিক শর্ত পূরণ করতেই রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত ১৪ অক্টোবর সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেন। সংসদ সচিবালয় জানিয়েছে, আগামী জানুয়ারি মাসে পরবর্তী অধিবেশন আহ্বানের বাধ্যবাধকতা থাকায় এবারের অধিবেশনটি সংক্ষিপ্ত রাখা হয়েছে। এতে ৫ থেকে ৬টি বিল উত্থাপিত হতে পারে। এছাড়া নিয়মিত প্রশ্নোত্তরের পাশাপাশি জরুরি জনগুরুত্বপূর্ণ নোটিশ ও সাধারণ আলোচনাও অনুষ্ঠিত হবে।

গত রোববার জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠকে অধিবেশনের এই সময়সূচি চূড়ান্ত করা হয়। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে বৈঠকে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান এবং বিরোধীদলীয় নেতা ডা. মো. শফিকুর রহমানসহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, সরকারি ছুটির দিন শুক্র ও শনিবার ছাড়া প্রতিদিন বিকেল ৪টা ২০ মিনিটে সংসদের বৈঠক বসবে।

এবারের অধিবেশনে সংসদ সদস্যদের পক্ষ থেকে মোট ৩ হাজার ৭৫১টি প্রশ্ন জমা পড়েছে। এর মধ্যে প্রধানমন্ত্রীর উত্তর দেওয়ার জন্য রয়েছে ১৭৪টি এবং অন্যান্য মন্ত্রীর উত্তরের জন্য ৩ হাজার ৫৭৭টি প্রশ্ন।

এদিকে কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদ চত্বরকে সম্পূর্ণ ধূমপানমুক্ত এলাকা হিসেবে ঘোষণার প্রস্তাব দেন, যা উপস্থিত সকল সদস্য স্বতঃস্ফূর্তভাবে সমর্থন করেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *