ঢাকা-খুলনা মহাসড়কে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ: পা কেটে উদ্ধার চালক, আহত ৫০

ফরিদপুরের মধুখালীতে ঢাকা-খুলনা মহাসড়কে এক ভয়াবহ বাস-ট্রাক সংঘর্ষের ঘটনায় অন্তত ৫০ জন আহত হয়েছেন। সোমবার সকাল আনুমানিক ৬টার দিকে মধুখালী বাজারের মরিচবাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে গুরুতর আহত ট্রাকচালককে কেবিন কেটে ও তাঁর একটি পা বিচ্ছিন্ন করে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাগুরা থেকে রডবোঝাই একটি ট্রাক মধুখালী বাজারের ‘সেঁজুতি আয়রন অ্যান্ড স্টিল’-এর সামনে রড আনলোড করার জন্য ঘুরাচ্ছিল। ঠিক সে সময় কালীগঞ্জ থেকে ঢাকাগামী ‘গোল্ডেন লাইন পরিবহন’-এর একটি দ্রুতগামী বাস রডবোঝাই ট্রাকটির মধ্যভাগে সজোরে ধাক্কা দেয়। এতে বাসের চালক, হেলপার ও যাত্রীসহ অন্তত ৫০ জন আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত এগিয়ে এসে আহতদের উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তবে ট্রাকচালকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, “দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক দুটিকে হাইওয়ে থানা পুলিশ জব্দ করেছে। আহতদের অধিকাংশকেই প্রাথমিক চিকিৎসা প্রদান করে গন্তব্যে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *