আইনের মুখোমুখি হতে পলাতকদের দেশে ফেরার আহ্বান সেতুমন্ত্রীর

মুন্সীগঞ্জ: গণআন্দোলনের মুখে যারা দেশ ছেড়ে পালিয়েছেন, তাদের দেশে ফিরে আইনের মুখোমুখি হওয়ার আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম।

গত ৮ নভেম্বর বিকেলে মুন্সীগঞ্জের সিরাজদিখান ও টঙ্গিবাড়ী উপজেলার সংযোগস্থলে ১৫১ মিটার দীর্ঘ ‘কুন্ডের বাজার সেতু’র ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সেতুর সিরাজদিখান ও টঙ্গিবাড়ী—দুই প্রান্তেই পৃথকভাবে এই ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

সেতুমন্ত্রী বলেন, “আইন চায় পলাতকরা দেশে ফিরে আসুক। তাদের নেতাদের বিরুদ্ধে যেসব অভিযোগ রয়েছে, তার কিছু বিচারাধীন এবং কিছু মামলায় আদালত ইতোমধ্যে রায় দিয়েছেন। কেউই আইনের ঊর্ধ্বে নন। তাদের দেশে আসতে কেউ বাধা দেয়নি, বরং দেশেই থাকা উচিত ছিল। বিচার বিভাগের দেওয়া রায় বাস্তবায়ন করা সরকার ও বিচার ব্যবস্থার দায়িত্ব।”

ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষ্যে দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে এক সন্ত্রাসবিরোধী সমাবেশের আয়োজন করা হয়। টঙ্গিবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আলী আসগর রিপন মল্লিকের সভাপতিত্বে সমাবেশটি পরিচালনা করেন টঙ্গিবাড়ী উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *