বাংলাদেশিরা সীমান্ত পার হতে ওৎ পেতে আছে: শুভেন্দু; পালটা জবাবে কুণাল ঘোষ

পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেছেন যে, সুযোগ পেলেই সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের জন্য বাংলাদেশিরা ওৎ পেতে বসে আছেন। সম্প্রতি ভারত-বাংলাদেশ সীমান্তের হিঙ্গলগঞ্জে বিএসএফের ৭৪তম ব্যাটালিয়ন ক্যাম্প পরিদর্শনে গিয়ে তিনি এই মন্তব্য করেন।

হিঙ্গলগঞ্জের ইছামতি নদীতে বিএসএফের স্পিডবোটে টহল এবং ভাসমান আউটপোস্ট পরিদর্শনের পর শুভেন্দু বলেন, বিএসএফ ও পুলিশের যৌথ অভিযানে ইতোমধ্যে বেশ কয়েক লাখ অনুপ্রবেশকারীকে ফেরত পাঠানো হয়েছে। সীমান্ত বরাবর ১৫ কিলোমিটার এলাকা জুড়ে তল্লাশি চলছে এবং রাজ্যে কোনো অবৈধ অনুপ্রবেশকারীকে ছাড় দেওয়া হবে না বলে জানান তিনি।

তবে শুভেন্দু অধিকারীর এই মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ। তিনি মনে করিয়ে দেন যে, সীমান্ত রক্ষা ও বিএসএফ সম্পূর্ণভাবে কেন্দ্র সরকার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয়।

তৃণমূল নেতার প্রশ্ন, ২০১৪ সাল থেকে কেন্দ্রে বিজেপি ক্ষমতায় থাকা এবং ত্রিপুরায় নিজস্ব সরকার থাকা সত্ত্বেও যদি সেখানে অবৈধ অনুপ্রবেশ ও রোহিঙ্গাদের প্রবেশ ঘটে, তবে সেটি কার ব্যর্থতা? শুধু পশ্চিমবঙ্গকে দোষারোপ করা কতটা ন্যায়সংগত—এমন প্রশ্ন রেখে কুণাল ঘোষ বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় বিএসএফ জওয়ানদের প্রতি পূর্ণ শ্রদ্ধা বজায় রেখেছেন, কারণ তাঁরাও এ দেশেরই সন্তান।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *