হেমন্তের শেষেই কনকনে শীতের পরশ পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, তাপমাত্রা নামল ১৫ ডিগ্রিতে

উত্তরের সীমান্ত জনপদ পঞ্চগড়ের তেঁতুলিয়ায় জেঁকে বসতে শুরু করেছে শীত। হেমন্তের বিদায়লগ্নে ভোরের হালকা কুয়াশা আর ঘাসের ডগায় জমে থাকা শিশিরবিন্দু জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। দিনের বেলা রোদের দেখা মিললেও বিকেল গড়াতেই চারপাশ জুড়ে জেঁকে বসছে হিমেল হাওয়া।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা গেছে, রোববার জেলার সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াসের রেকর্ড করা হলেও সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে ১৫ ডিগ্রি সেলসিয়াসে। এছাড়া সোমবার সকাল ৬টায় বাতাসে জলীয় বাষ্পের উপস্থিতি ছিল শতভাগ (১০০%)।

এদিকে হঠাৎ করে সকালের এই ঠান্ডায় কিছুটা দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া ও শ্রমজীবী মানুষ। বিশেষ করে ভোরের আলো ফোটার আগেই চা বাগান ও পাথর উত্তোলনের কাজে বের হওয়া শ্রমিকদের পড়তে হচ্ছে বিপাকে। জীবিকার তাগিদে হাড়কাঁপানো ঠান্ডা উপেক্ষা করেই কাজের উদ্দেশ্যে ছুটছেন তারা।

এ বিষয়ে স্থানীয় বাসিন্দা তাজ উদ্দীন আহাম্মেদ বলেন, “সকালের দিকে ঠান্ডা ও কুয়াশার প্রকোপ বেশ ভালোই অনুভূত হচ্ছে। চা বাগান ও পাথর শ্রমিকদের জন্য এ সময়ে কাজ করা কিছুটা কষ্টকর হলেও পেটের টানে আমাদের ঠান্ডা উপেক্ষা করেই মাঠে নামতে হচ্ছে।”

পঞ্চগড় জেলা আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, ভোরে তাপমাত্রা কিছুটা কম থাকায় শীতের অনুভূতি তুলনামূলক বেশি হচ্ছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের তেজ বাড়লে আবহাওয়া আবার স্বাভাবিক হয়ে আসে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *