সৌদি আরবের জেদ্দায় চার দিনব্যাপী ষষ্ঠ ‘হজ সম্মেলন ও প্রদর্শনী’ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। হজ ব্যবস্থাপনার আধুনিকায়ন, প্রযুক্তিনির্ভর সেবা এবং হাজিদের জন্য উন্নত সুযোগ-সুবিধা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে এই আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করা হয়েছে। এবারের সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন ধর্ম বিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।
রোববার সন্ধ্যায় সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় এবং ‘ভিশন ২০৩০’-এর পিলগ্রিম এক্সপেরিয়েন্স প্রোগ্রামের যৌথ উদ্যোগে এই সম্মেলন শুরু হয়। মক্কার ডেপুটি গভর্নর প্রিন্স সউদ বিন মিশাল বিন আব্দুল আজিজ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের ধর্মমন্ত্রীসহ বিশ্বের প্রায় ১২০টি দেশের ধর্মমন্ত্রী এবং সংশ্লিষ্ট সরকারি প্রতিনিধিরা অংশ নেন। এদের মধ্যে উল্লেখযোগ্যদের মধ্যে ছিলেন সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক বিন ফাউজান আল-রাবিয়াহ এবং বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ. বিন আবিয়াহ।
হজ ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তির ব্যবহার, স্মার্ট সমাধান এবং হাজিদের সেবা আরও উন্নত করার উদ্দেশ্যে আয়োজিত এবারের প্রদর্শনীতে বিশ্বের ৩২৫টিরও বেশি আন্তর্জাতিক ও স্থানীয় প্রতিষ্ঠান তাদের সেবা ও প্রযুক্তি প্রদর্শন করছে।
সম্মেলনের পাশাপাশি আজ সোমবার সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। বাংলাদেশের ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ এবং সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক বিন ফাউজান আল-রাবিয়াহ নিজ নিজ দেশের পক্ষে এই চুক্তি স্বাক্ষর করবেন। এই চুক্তির মাধ্যমে আগামী হজের সার্বিক ব্যবস্থাপনা ও দুই দেশের পারস্পরিক কার্যক্রমের আনুষ্ঠানিক সমঝোতা চূড়ান্ত হবে।

Leave a Reply