হোয়াইট হাউস সাময়িক লকডাউন: নিরাপত্তা লঙ্ঘনের পৃথক ঘটনায় আটক ২

মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসভবন হোয়াইট হাউসের আশপাশে পৃথক দুটি নিরাপত্তা লঙ্ঘনের ঘটনা ঘটেছে। এর জেরে হোয়াইট হাউস ও এর আশেপাশের এলাকা সাময়িকভাবে লকডাউন করা হয়। সোমবার (৯ নভেম্বর) ঘটে যাওয়া এই ঘটনার সময় হোয়াইট হাউসের ভেতরেই অবস্থান করছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রায় এক ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হলে নিরাপত্তা বিধিনিষেধ তুলে নেওয়া হয়। ন্যাশনাল হেরাল্ডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গাড়ি দুর্ঘটনা ও হামলা: স্থানীয় সময় সোমবার সকাল ১০টার দিকে হোয়াইট হাউসের বিপরীতে লাফায়েত পার্কের উত্তর পাশে একটি রুপালি রঙের সেডান গাড়ি ফুটপাতে উঠে যায়। গাড়িটি থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। এ সময় চালক গাড়ি থেকে নেমে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর হামলার চেষ্টা করেন এবং আক্রমণাত্মক আচরণ করেন। পরে সিক্রেট সার্ভিস ও ন্যাশনাল গার্ডের সদস্যরা দ্রুত তাকে আটক করেন। গাড়িটিতে বিস্ফোরক রয়েছে কি না, তা পরীক্ষা করতে মেট্রোপলিটন পুলিশ বিভাগের বোমা নিষ্ক্রিয়করণ দলকেও ডাকা হয়।

বেষ্টনী টপকে প্রবেশ: প্রথম ঘটনাকে কেন্দ্র করে নিরাপত্তা কর্মীরা যখন ব্যস্ত ছিলেন, ঠিক তখনই লাফায়েত পার্কের উত্তর-পশ্চিম কোণে আরেকটি ঘটনা ঘটে। এক ব্যক্তি নিরাপত্তাবেষ্টনী টপকে ভেতরে প্রবেশ করলে সিক্রেট সার্ভিস তাকেও তাৎক্ষণিকভাবে আটক করে।

কর্তৃপক্ষ জানিয়েছে, আটক দুই ব্যক্তির পরিচয়, উদ্দেশ্য কিংবা তাদের বিরুদ্ধে কী অভিযোগ আনা হবে—সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। এ ছাড়া দুটি ঘটনার মধ্যে কোনো সংযোগ রয়েছে কি না, কেউ আহত হয়েছেন কিংবা গাড়িটি ইচ্ছাকৃতভাবে ফুটপাতে তোলা হয়েছিল কি না, তা খতিয়ে দেখতে বর্তমানে তদন্ত চলছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *