বিমানকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে কাজ করছে সরকার: বিমানমন্ত্রী

রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে আধুনিকায়ন ও লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করতে সরকারের নানামুখী উদ্যোগ অব্যাহত রয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে সাক্ষাৎ করতে এসে আন্তর্জাতিক এভিয়েশন প্রতিষ্ঠান হাইবারি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক উইলিয়াম প্রোথেরোর নেতৃত্বে একটি প্রতিনিধিদল এভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করে।

সাক্ষাৎকালে মন্ত্রী জানান, নতুন উড়োজাহাজ হাতে পাওয়ার আগপর্যন্ত মধ্যবর্তী সময়ের চাহিদা মেটাতে বিমান লিজ নেওয়ার বিষয়টি সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে। তবে লিজ গ্রহণের ক্ষেত্রে উড়োজাহাজের ফ্লাইং আওয়ার ও রক্ষণাবেক্ষণের ইতিহাসসহ কারিগরি ও পরিচালনাগত বিষয়গুলোকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।

পাশাপাশি দেশের ক্রমবর্ধমান এয়ার কার্গোর চাহিদা পূরণে বর্তমান বহরের দুটি উড়োজাহাজকে সম্পূর্ণ কার্গো বা ফ্রেইটার উড়োজাহাজে রূপান্তরের পরিকল্পনা সরকারের রয়েছে। এটি বাস্তবায়িত হলে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের পণ্য রপ্তানি সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আয়ও উল্লেখযোগ্যভাবে বাড়বে।

হাইবারি গ্রুপের পক্ষ থেকে সুনির্দিষ্ট ও বাস্তবসম্মত বিনিয়োগ প্রস্তাব পেলে তা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে বলে আশ্বস্ত করেন মন্ত্রী। সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের আন্তর্জাতিক সহযোগিতা দেশের এভিয়েশন খাতের আধুনিকায়নে নতুন দিগন্ত উন্মোচন করবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *