ইসরায়েলে রহস্যজনক রুশ সামরিক বিমান: যাত্রীদের পরিচয় ও উদ্দেশ্য নিয়ে ধোঁয়াশা

ইসরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে একটি রুশ সামরিক বিমানের আকস্মিক অবতরণ ঘিরে কৌতূহল ও রহস্যের সৃষ্টি হয়েছে। সাধারণত উচ্চপদস্থ কর্মকর্তা ও সামরিক ব্যক্তিদের যাতায়াতে ব্যবহৃত এই বিমানটির আগমনকে ‘অস্বাভাবিক’ বলে আখ্যা দিয়েছে ইসরায়েলের সরকারি সম্প্রচারমাধ্যম কান।

কান-এর প্রতিবেদন অনুযায়ী, মস্কোর নিকটবর্তী চকালোভস্কি বিমানঘাঁটি থেকে ছেড়ে আসা রাশিয়ার তুপোলেভ টিইউ-১৫৪ মডেলের বিমানটি গত রবিবার স্থানীয় সময় রাত ৯টার দিকে বেন গুরিয়ন বিমানবন্দরে নামে। রিয়েল-টাইম ফ্লাইট ট্র্যাকিং অ্যাপের মাধ্যমে প্রথম বিমানটির উপস্থিতি ধরা পড়ে।

সোমবার সকালে বিমানটির উপস্থিতির ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয় এবং জানা যায় এটি ওই দিনই ইসরায়েল ত্যাগ করার কথা রয়েছে, তবে সুনির্দিষ্ট সময় জানানো হয়নি। সাম্প্রতিক বছরগুলোতে দেশটিতে এমন কোনো রুশ সামরিক বিমানের অবতরণ ঘটেনি। এ বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনী, প্রধানমন্ত্রীর কার্যালয় এবং রুশ দূতাবাস কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *