কুমিল্লায় মাদকবিরোধী অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) দুই সদস্যের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় ৪০ পিস ইয়াবা ও ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ সৌরভ চন্দ্র নামের এক যুবককে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে কুমিল্লা নগরীর ২২ নম্বর ওয়ার্ডের শ্রীবল্লভপুর ঘোষপাড়া মন্দিরসংলগ্ন সড়কে এ অভিযান পরিচালিত হয়।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পদুয়ার বাজার বিশ্বরোড সংলগ্ন ঘোষপাড়া এলাকায় অভিযান চালায় ডিএনসির একটি দল। এ সময় গ্রেফতার এড়াতে আকস্মিক অভিযানকারী দলের সদস্যদের ওপর চড়াও হন অভিযুক্ত সৌরভ চন্দ্র। তার হামলায় অধিদপ্তরের সিপাহি আদনান সামি ও বোরহানউদ্দিন আহত হন। পরে সাহসিকতার সঙ্গে তাকে আটক করা হয় এবং তার কাছ থেকে মাদকগুলো উদ্ধার করা হয়। আহত দুই সিপাহিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক তুন্ত মনি চাকমা জানান, গ্রেফতার সৌরভ চন্দ্রের বিরুদ্ধে ইতিপূর্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরও দুটি মামলা রয়েছে। এ ঘটনায় কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
তিনি আরও বলেন, ওই এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত শাওনসহ অন্যান্য সহযোগীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply