কুষ্টিয়া শহরের থানাপাড়া এলাকায় স্কুল থেকে নির্বাচনি পরীক্ষা দিয়ে বাসায় ফেরার পথে জাকিয়া সুলতানা (১৬) নামের এক দশম শ্রেণির শিক্ষার্থীকে পেছন থেকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত কিশোর ইমনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আদালতের মাধ্যমে তাকে ইতোমধ্যে কিশোর সংশোধনাগারে পাঠানো হয়েছে।
আহত জাকিয়া কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকদের বরাত দিয়ে জানা গেছে, বর্তমানে তিনি শঙ্কামুক্ত হলেও তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম রয়েছে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ফেব্রুয়ারি মাসে শহরের একটি কোচিং সেন্টারে ভর্তি হন জাকিয়া। একই কোচিংয়ে পড়াশোনা করতেন অভিযুক্ত ইমনও। সেখানে ক্লাস চলাকালীন ইমন তাকে বিভিন্নভাবে উত্ত্যক্ত ও প্রেমের প্রস্তাব দিতো। বিষয়টি জাকিয়া তার মাকে জানালে, তার পরিবার কোচিং সেন্টার কর্তৃপক্ষ ও ইমনের অভিভাবককে বিষয়টি অবহিত করে। এর জেরে প্রায় আট মাস আগে কোচিং থেকে ইমনকে বহিষ্কার করা হয়।
ভুক্তভোগী শিক্ষার্থীর ধারণা, ওই বহিষ্কারের ক্ষোভ থেকেই তার ওপর এই হামলা চালানো হয়েছে। কোচিং থেকে বহিষ্কৃত হওয়ার পর ইমনের সঙ্গে জাকিয়ার আর কোনো যোগাযোগ ছিল না বলে জানিয়েছে তার পরিবার।
গত সোমবার (৯ নভেম্বর) বেলা ১টার দিকে স্কুল থেকে এসএসসির নির্বাচনি পরীক্ষা শেষ করে থানাপাড়ার নিজ বাসায় ফেরেন জাকিয়া। ভবনের নিচে পৌঁছে ব্যাগ থেকে চাবি বের করা বা কলবেল দেওয়ার সময় পেছন থেকে হঠাৎ এসে তার চুল ধরে এলোপাতাড়ি ছুরিকাঘাত করতে শুরু করে ইমন। উপর্যুপরি আঘাতে জাকিয়ার শরীরের অন্তত ছয়টি স্থানে ক্ষত সৃষ্টি হয়। পরে হামলাকারী দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
জাকিয়ার মা সুমি আক্তার জানান, মেয়ের হাত ও পিঠে ব্যান্ডেজ করা হয়েছে এবং চিকিৎসকরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন। তবে বাঁ হাতের কনিষ্ঠ আঙুলড় নড়াচড়া করতে সমস্যা হওয়ায় পরিবারে শঙ্কা বিরাজ করছে। ইতিমধ্যে জেলা প্রশাসনের কর্মকর্তারাও হাসপাতালে গিয়ে আহত শিক্ষার্থীর খোঁজখবর নিয়েছেন।
এ ঘটনায় সোমবার রাতেই জাকিয়ার বাবা বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় হত্যাচেষ্টার অভিযোগে একটি মামলা দায়ের করেন। ঘটনার মাত্র ১২ ঘণ্টার মধ্যে সদর উপজেলার পাটিকাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে ইমনের খালার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। মঙ্গলবার বিকেলে তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক কিশোর সংশোধনাগারে পাঠানোর নির্দেশ দেন। তবে ঘটনার পর থেকেই ইমনের পরিবারের সদস্যরা পলাতক থাকায় তাদের বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে হামla ও হাসপাতালে ভর্তির কারণে জাকিয়ার শেষ বিষয় রসায়নসহ এসএসসি নির্বাচনি পরীক্ষা দেওয়া ব্যাহত হয়েছে। তবে বিদ্যালয়ের শিক্ষকরা হাসপাতালে এসে তার খোঁজ নিয়েছেন এবং পরবর্তীতে বিশেষ ব্যবস্থায় তার পরীক্ষা নেওয়ার আশ্বস্ত করেছেন।

Leave a Reply