আটলান্টিকের গতিদানব ‘এসএস ইউনাইটেড স্টেটস’ এবার সাগরের তলদেশে, হচ্ছে বিশ্বের বৃহত্তম প্রবালপ্রাচীর

একসময়ে যে জাহাজটি আটলান্টিক মহাসাগর চষে বেড়াত অবিশ্বাস্য গতিতে, রাজপরিবারের সদস্য থেকে শুরু করে বিশ্বনেতাদের পদচারণায় যা ছিল মুখর—দীর্ঘ অনিশ্চয়তা আর আইনি জটিলতা পেরিয়ে সেই ঐতিহাসিক এসএস ইউনাইটেড স্টেটস জাহাজটির শেষ ঠিকানা হতে চলেছে সমুদ্রের তলদেশে। ফ্লোরিডা উপকূলের মেক্সিকো উপসাগরে এটিকে ডুবিয়ে দিয়ে বিশ্বের বৃহত্তম কৃত্রিম প্রবালপ্রাচীর তৈরির বিশাল কর্মযজ্ঞ এখন চূড়ান্ত পর্যায়ে।

প্রায় ৩০০ মিটার বা ৯৯০ ফুট দীর্ঘ এই দানবাকৃতি জাহাজটিকে আলাবামার মোবাইল বন্দর থেকে পাঁচটি টাগবোটের সাহায্যে টেনে নিয়ে যাওয়া হয়েছে। ফ্লোরিডার ডেস্টিন উপকূল থেকে প্রায় ২৫ মাইল দূরে কোনো ধরনের বিস্ফোরক ছাড়াই এটি নিয়ন্ত্রিতভাবে সমুদ্রের গভীরে নামানোর পরিকল্পনা করা হয়েছে। জাহাজের ভেতরে সুপরিকল্পিতভাবে পানি প্রবেশ করিয়ে একে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১৮০ ফুট গভীরে বসানো হবে। তবে পরিবেশ সুরক্ষায় আগেই এর দুটি বিশাল চিমনি, মাস্তুল, ভেতরের ভারী সরঞ্জাম এবং সব ধরনের ক্ষতিকর উপাদান অপসারণ করা হয়েছে।

১৯৫২ সালে প্রথম যাত্রায় মাত্র ৩ দিন ১০ ঘণ্টা ৪০ মিনিটে আটলান্টিক পাড়ি দিয়ে এক অবিশ্বাস্য রেকর্ড গড়েছিল এই জাহাজটি, যা আজও অক্ষুণ্ণ রয়েছে। ঘণ্টায় প্রায় ৪১ মাইল গতিতে চলা এই বিলাসবহুল ভেসেলটিতে একসময় ভ্রমণ করেছিলেন বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা নামী-দামি তারকারা ও রাষ্ট্রপ্রধানেরা। তবে সময়ের সাথে বিমান চলাচলের প্রসার ঘটায় ১৯৬৯ সালে এর নিয়মিত যাত্রীসেবা চিরতরে বন্ধ হয়ে যায়।

ভাসমান হোটেল কিংবা জাদুঘর বানানোর নানা উদ্যোগ ভেস্তে যাওয়ার পর ২০২৪ সালে ফ্লোরিডার ওকালুসা কাউন্টি মাত্র ১০ লাখ ডলারে জাহাজটি কিনে নেয়। এরপরই এটিকে কৃত্রিম প্রবালপ্রাচীরে রূপান্তরের ঐতিহাসিক এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সংরক্ষণবাদীরা বলছেন, জাহাজটি পানির নিচে চলে গেলেও এর স্মৃতি মুছে যাচ্ছে না। উপকূলভাগে একটি বিশেষ জাদুঘর নির্মাণের পরিকল্পনা রয়েছে, যেখানে প্রদর্শিত হবে জাহাজটির খুলে রাখা বিশাল দুটি চিমনি ও নানা ঐতিহাসিক স্মারক। একই সঙ্গে সমুদ্রের তলদেশে থাকা এই ধ্বংসাবশেষ দেখতে পারবেন রোমাঞ্চপ্রেমী ডুবুরিরাও। এর মাধ্যমে একদিকে যেমন সামুদ্রিক জীববৈচিত্র্যের জন্য এক নতুন অভয়ারণ্য গড়ে উঠবে, অন্যদিকে রক্ষা পাবে ঐতিহ্যের এক অনন্য অধ্যায়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *