মুন্সীগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে প্রায় ১১ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও কাশ্মীরি শাল জব্দ করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১০)। এ ঘটনায় চোরাচালানে জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের ব্যবহৃত দুটি কাভার্ড ভ্যানও জব্দ করা হয়েছে।
মঙ্গলবার দিবাগত রাত পৌনে চারটার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের পদ্মা সেতু উত্তর থানাধীন দক্ষিণ মেদিনীমণ্ডল এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে এই অভিযান পরিচালনা করে এসআরবি-১০-এর শ্রীনগর ক্যাম্পের একটি দল।
অভিযান চলাকালে পদ্মা সেতু পার হয়ে মুন্সীগঞ্জের দিকে আসা দুটি কাভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয়—
ভারতীয় শাড়ি: ২৬,৩৫৩ পিস (আনুমানিক বাজারমূল্য ১০ কোটি ৫৪ লাখ ১২ হাজার টাকা)।
কাশ্মীরি শাল: ২,৪৮৭ পিস (আনুমানিক বাজারমূল্য ৩৭ লাখ ৩০ হাজার টাকা)।
মোট জব্দকৃত পণ্যের মূল্য: ১০ কোটি ৯১ লাখ ৪২ হাজার টাকা।
১. সাজ্জাদ হোসেন (২৮), পিতা: শাহাদাত হোসেন, সাং- ঘোনা, সাতক্ষীরা সদর উপজেলা।
২. নাজমুল হোসেন (৩২), পিতা: জালাল উদ্দিন, সাং- কলারোয়া উপজেলা, সাতক্ষীরা।
এসআরবি সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে ভারতের বেনাপোল সীমান্ত দিয়ে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে বিভিন্ন ভারতীয় পণ্য কাভার্ড ভ্যানে করে দেশের বিভিন্ন অঞ্চলে নিয়ে আসতেন এবং চড়া দামে বিক্রি করতেন।
আইনগত ব্যবস্থা সম্পর্কে এসআরবি-১০ জানায়, উদ্ধারকৃত পণ্য ও কাভার্ড ভ্যানসহ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের পর সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। চোরাচালান প্রতিরোধে এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply