ছুটিতে বাড়ি ফিরে প্রিয়জনদের সঙ্গে আনন্দ উদ্যাপন করার কথা ছিল। কিন্তু দীপাবলির সেই উৎসবের আনন্দ নিমেষেই রূপ নিয়েছে এক ভয়ংকর ট্র্যাজেডিতে। ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর বিশেষ নিরাপত্তা বাহিনী—প্রেসিডেন্টস বডিগার্ডের (PBG) এক সেনাসদস্য সামান্য বাজি ফোটানোকে কেন্দ্র করে ঘটা এক তুচ্ছ বাক্বিতণ্ডায় গুলিবিদ্ধ হয়েছেন। বর্তমানে তিনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।
আহত ওই সেনাসদস্যের নাম সৌরভ তোমর। ২০২১ সালে ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেওয়ার পর দেশের অন্যতম প্রাচীন ও জ্যেষ্ঠ অশ্বারোহী রেজিমেন্ট হিসেবে পরিচিত প্রেসিডেন্টস বডিগার্ডে দায়িত্ব পালন করছিলেন তিনি। দীপাবলির ছুটি কাটাতে উত্তর প্রদেশের বাগপত জেলার নিজ গ্রামে এসেছিলেন সৌরভ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীপাবলির রাতে নিজের বাড়ির বাইরে দুই ভাই বিনীত ও মিন্টুর সঙ্গে বাজি ফোটাচ্ছিলেন সৌরভ। ঠিক সে সময়ই প্রতিবেশী দুই ভাই—ধীরাজ ও মনু ওরফে প্রবীণের সঙ্গে তাদের কথা-কাটাকাটি শুরু হয়। মুহূর্তের মধ্যেই সেই বাগ্বিতণ্ডা রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়।
অভিযোগ রয়েছে, উত্তপ্ত বাক্যবিনিময়ের একপর্যায়ে ধীরাজ দেশীয় পিস্তল বের করে গুলি চালান। একটি গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে দেয়ালে লাগলেও অপর গুলিটি সোজা গিয়ে আঘাত করে সৌরভের কানের পেছনে মাথায়। এ সময় দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তি ও লাঠিসোঁটা নিয়েও পাল্টাপাল্টি ধাওয়া হয়। ঘটনার পরই অভিযুক্ত দুই ভাই পালিয়ে যান।
ঘটনার পরপরই পরিবারের সদস্যরা সৌরভকে দ্রুত স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে এবং পরবর্তীতে মিরাটের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। সেখানে অস্ত্রোপচার করে তার মাথা থেকে গুলি বের করা হলেও বর্তমানে তিনি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় সৌরভের বাবা জনক রাজের লিখিত অভিযোগের ভিত্তিতে ধীরাজ ও মনু প্রবীণের বিরুদ্ধে একটি সুনির্দিষ্ট মামলা দায়ের করেছে স্থানীয় পুলিশ। অভিযুক্তদের গ্রেফতারে জোরদার অভিযান চালাচ্ছে আইনৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দেশের রাষ্ট্রপতির নিরাপত্তায় নিয়োজিত একজন জ্যেষ্ঠ সেনাসদস্যের নিজ বাড়িতে এমন হামলার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Leave a Reply