রাজনীতির ধাক্কা শৈশবের হাসিতে: দাদি ইন্দিরা গান্ধীর পরাজয় কীভাবে বিষণ্ন করেছিল ছোট্ট রাহুলকে

রাজনীতির হাওয়া বদল কেবল ক্ষমতার মসনদই ওলটপালট করে না, অনেক সময় তার প্রভাব গিয়ে পড়ে একেবারে ব্যক্তিগত ও পারিবারিক আঙিনায়। ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর একটি রাজনৈতিক পরাজয় কীভাবে তার নাতি রাহুল গান্ধীর শৈশবের একটি দিনকে বিষণ্ন করে তুলেছিল, তার এক আবেগঘন বিবরণ উঠে এসেছে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর স্মৃতিকথায়।

কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর নতুন বই ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’-এ উঠে এসেছে ১৯৭৭ সালের এমনই এক বেদনাদায়ক স্মৃতির কথা।

১৯৭৭ সাল। ওই বছরই ভারতের রাজনৈতিক পটপরিবর্তনে ক্ষমতার হারান ইন্দিরা গান্ধী। ঠিক সেই কঠিন সময়েই ১৯ জুন ছিল তার নাতি রাহুলের সপ্তম জন্মদিন। সদ্য ১২ উইলিংডন ক্রিসেন্টের নতুন বাড়িতে ওঠা পরিবারটি ছোটখাটো আয়োজনের মাধ্যমেই দিনটি উদযাপন করতে চেয়েছিল। রাহুল নিজেই তার বন্ধুদের একটি তালিকা তৈরি করে দিয়েছিল।

জন্মদিনকে ঘিরে ছিল নানা প্রস্তুতি। রঙিন কাগজ ও বেলুনে ঘর সাজানো, বাড়িতে তৈরি কেক, হালকা খাবার আর শিশুদের প্রিয় আলুর চিপস—সবকিছুর আয়োজন করেছিলেন মা সোনিয়া। বোন প্রিয়াঙ্কাও চেয়ারে দাঁড়িয়ে বারান্দায় বেলুন টাঙিয়ে মাকে দারুণভাবে সাহায্য করেছিল। সাজসজ্জা শেষ করে দুই ভাইবোন যখন উল্লাসে ফেটে পড়েছিল, তখন তারা হয়তো ঘুণাক্ষরেও টের পায়নি সামনে কী অপেক্ষা করছে।

সারাদিন অপেক্ষা করেও দেখা মিলল না আমন্ত্রিত অতিথিদের। জন্মদিনের সেই আনন্দ আয়োজনে বন্ধুদের প্রায় কেউই আসেনি, এসেছিল মাত্র একজন! রাজনৈতিক পরাজয়ের ঠিক পরপরই চারপাশের মানুষের এই দূরত্ব তৈরি হওয়া ছোট্ট রাহুলের জন্মদিনটিকে বিষাদময় করে তুলেছিল।

বইটিতে সোনিয়া গান্ধী স্মৃতিচারণ করেছেন, ক্ষমতার বৃত্তে থাকলে মানুষের সামাজিক সম্পর্কের সমীকরণ কীভাবে বদলে যায়, এই ঘটনা তারই একটি নির্মম বাস্তব উদাহরণ।

স্মৃতিকথায় পারিবারিক স্মৃতির পাশাপাশি উঠে এসেছে ইন্দিরা গান্ধীর মজার একটি দিকের কথাও। দাদি ইন্দিরা শিশুদের সঙ্গে রসিকতা করতে ভালোবাসতেন। তার কাছে মাটির তৈরি কৃত্রিম পোকামাকড়, টিকটিকি ও মাছি ছিল, যা দেখতে একদম আসলের মতো মনে হতো। জন্মদিনের অনুষ্ঠানে সুযোগ বুঝে তিনি সেগুলো শিশুদের প্লেটে বা টেবিলে রেখে দিতেন এবং শিশুরা চমকে উঠলে বেশ আনন্দ পেতেন। কিন্তু ছোট্ট রাহুলের সেই বিশেষ দিনে সেই কৌতুক করার মতো হাসিখুশি পরিবেশ আর ছিল না।

সোনিয়া গান্ধীর এই স্মৃতিকথা কেবল একটি জন্মদিনের গল্প নয়, বরং রাজনৈতিক উত্থান-পতনের সঙ্গে মানুষের সামাজিক দূরত্ব তৈরির এক বাস্তব ও মর্মস্পর্শী দলিল।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *