ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে চেহারার হুবহু মিল—এই একটিমাত্র অপরাধেই এখন বড় বিপদের মুখে পড়েছেন ইরানের রাজধানী তেহরানের এক সাধারণ বাদাম ও মিষ্টি বিক্রেতা। কোনো রাজনৈতিক সম্পৃক্ততা না থাকলেও কেবল জন্মগত শারীরিক বৈশিষ্ট্যের কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে রাতারাতি ভাইরাল হয়ে তিনি এখন কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছেন।
সম্প্রতি ইন্টারনেটে মাত্র ৯ সেকেন্ডের একটি ছোট ভিডিও ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায়, তেহরানের একটি দোকানে ওজন মাপার যন্ত্রের পেছনে চুপচাপ বসে কাজ করছেন ওই ব্যবসায়ী। মুহূর্তেই নেটিজেনদের চোখে পড়ে নেতানিয়াহুর সঙ্গে তার অস্বাভাবিক অবয়বগত সাদৃশ্য।
আলবেনীয় সংবাদমাধ্যম ‘গাজেটা প্যানোরামা’-র প্রতিবেদন অনুযায়ী, ভিডিওটি ভাইরাল হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় নানান ট্রল ও রসিকতা। অনেকেই তার দোকানের ঠিকানা খোঁজার চেষ্টা করেন এবং কৌতূহলবশত ‘ইরানি নেতানিয়াহু’র দোকান থেকে কেনাকাটা করার ইচ্ছা প্রকাশ করেন।
তবে এই হাসি-ঠাট্টা আর মজার বিষয় বেশি দিন স্থায়ী হয়নি। ইরান ও ইসরায়েলের মধ্যকার চরম রাজনৈতিক বৈরিতা ও উত্তেজনার আঁচ এসে লাগে ওই ব্যবসায়ীর গায়েও। ইসরায়েলি প্রধানমন্ত্রীর ওপর ক্ষুব্ধ একদল সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী এবার সরাসরি তার দোকান বয়কটের ডাক দেন।
রাজনীতির বিন্দুমাত্র ধারে-কাছে না থেকেও নিছক চেহারার মিলের কারণে হঠাৎ করেই সেলিব্রিটি হয়ে যাওয়া এই ব্যবসায়ীর স্বাভাবিক জীবনযাত্রা ও ব্যবসা পরিচালনা এখন চরমভাবে ব্যাহত হচ্ছে। ভাইরাল হওয়ার এই আকস্মিক খ্যাতি তার জন্য যেন এক আশীর্বাদের বদলে বড় এক বিড়ম্বনা হয়ে দেখা দিয়েছে।

Leave a Reply