কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার সাংবাদিক ও মিডিয়া কর্মীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ নভেম্বর) উপজেলা পরিষদ কনফারেন্স রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বাজিতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাছরীন আক্তার।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাজিতপুর উপজেলা মডেল প্রেস ক্লাবের আহ্বায়ক ও দৈনিক নিরপেক্ষ পত্রিকার সাংবাদিক নুরুজ্জামান আশরাফ, ক্লাবের সদস্য সচিব ও অগ্রযাত্রা প্রতিদিনের সাংবাদিক জাহাঙ্গীর আলম, বাজিতপুর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ও আজকের পত্রিকার সাংবাদিক খলিলুর রহমান, সাধারণ সম্পাদক সাব্বির আহাম্মাদ মানিকসহ উপজেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা।
সভায় উপস্থিত সাংবাদিকরা পর্যায়ক্রমে নিজ নিজ বক্তব্য তুলে ধরেন। বক্তব্যে উপজেলার বিভিন্ন সমস্যা, জনদুর্ভোগ, নাগরিক অধিকার এবং জনকল্যাণমূলক নানা বিষয় গুরুত্বের সঙ্গে আলোচিত হয়।
সাংবাদিকরা উপজেলার বিভিন্ন নদ-নদীতে ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ তুলে ধরেন। এতে নদীভাঙন, পরিবেশের ভারসাম্য নষ্ট এবং নদীতীরবর্তী মানুষের ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কার বিষয়টি উল্লেখ করে অবৈধ বালু উত্তোলন বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।
এ ছাড়া উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা, গুরুত্বপূর্ণ রাস্তাঘাটের বেহাল অবস্থা এবং যোগাযোগব্যবস্থার উন্নয়নের বিষয়েও আলোচনা করেন সাংবাদিকরা। তারা বলেন, গুরুত্বপূর্ণ সড়কগুলো সংস্কার ও উন্নয়ন করা হলে সাধারণ মানুষের চলাচল, শিক্ষার্থীদের যাতায়াত এবং ব্যবসা-বাণিজ্যে ইতিবাচক প্রভাব পড়বে।
সভায় সাংবাদিকরা আরও বলেন, সাধারণ মানুষ প্রতিনিয়ত বিভিন্ন নাগরিক সেবা ও অধিকারসংক্রান্ত সমস্যার মুখোমুখি হচ্ছেন। এসব সমস্যা সংবাদমাধ্যমে তুলে ধরার উদ্দেশ্য কাউকে বিব্রত করা নয়; বরং জনদুর্ভোগ ও অনিয়ম প্রশাসনের নজরে এনে প্রয়োজনীয় সমাধানের পথ তৈরি করা। তাই সাংবাদিকদের প্রকাশিত সংবাদে কোনো অনিয়ম, অব্যবস্থাপনা কিংবা জনস্বার্থসংশ্লিষ্ট সমস্যা উঠে এলে তা গুরুত্বসহকারে বিবেচনা করে প্রয়োজনীয় তদন্ত ও ব্যবস্থা গ্রহণ করতে হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরীন আক্তার সাংবাদিকদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন। তিনি উপজেলার সার্বিক উন্নয়ন, জনসেবার মানোন্নয়ন এবং বিভিন্ন সমস্যা সমাধানে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। পাশাপাশি প্রশাসনের উন্নয়নমূলক ও জনকল্যাণমূলক কার্যক্রম গণমাধ্যমে তুলে ধরার পাশাপাশি এলাকার সমস্যা ও অনিয়মের বিষয়গুলো গঠনমূলকভাবে উপস্থাপনের আহ্বান জানান।
সভায় উপজেলা প্রশাসন ও গণমাধ্যমকর্মীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, যোগাযোগ ও সমন্বয় বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। সাংবাদিক ও প্রশাসন সম্মিলিতভাবে কাজ করলে উপজেলার বিভিন্ন সমস্যা চিহ্নিত করা এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়।

Leave a Reply