জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার বাড়িতে পেট্রোল বোমা হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দলটির নেত্রী ও সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।
ফেসবুক পোস্টে নুসরাত তাবাসসুমের পুড়ে যাওয়া বাড়ির দুটি ছবি যুক্ত করে ক্ষোভ প্রকাশ করেন ডা. মিতু। হামলাকারীদের উদ্দেশে তিনি লেখেন, জুলাই মাসে ফ্যাসিস্ট শক্তিকে দেশ থেকে বিতাড়িত করাই ছিল তাদের সবচেয়ে বড় কাজ। এছাড়া বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি মন্তব্য করেন যে, শেখ হাসিনার লাশও এই দেশে প্রবেশ করবে না।
এর আগে, গত বুধবার (১১ নভেম্বর) রাতে কুষ্টিয়ার দৌলতপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নারী শাখা ‘জাতীয় নারী শক্তি’র প্রধান সংগঠক ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের পৈতৃক বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন জানান, পুলিশ ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং কে বা কারা এই অগ্নিসংযোগের সাথে জড়িত, তা খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Leave a Reply