চাপ ও নিষেধাজ্ঞা উপেক্ষা করে ক্ষেপণাস্ত্র ক্ষমতা বাড়াবে ইরান: আইআরজিসি প্রধান

আন্তর্জাতিক হুমকি এবং অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিয়ে ইরানের ক্ষেপণাস্ত্র উন্নয়ন কর্মসূচি থামানো যাবে না বলে কঠোর হুঁশিয়ারি ব্যক্ত করেছেন দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) প্রধান আহমদ ওয়াহিদি। সব ধরনের বাহ্যিক চাপ উপেক্ষা করেই ইরান তার প্রতিরক্ষা ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা বাড়ানোর কাজ চালিয়ে যাবে বলে জানান তিনি।

মহাকাশ দিবস উপলক্ষে দেওয়া এবং ইরানের বার্তাসংস্থা তাসনিম নিউজ এজেন্সিতে প্রকাশিত এক বার্তায় ওয়াহিদি এ প্রত্যয় ব্যক্ত করেন।

বার্তায় ওয়াহিদি ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির জনক হিসেবে পরিচিত হাসান তেহরানি মুকাদ্দামের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি উল্লেখ করেন, মুকাদ্দামের আদর্শে অনুপ্রাণিত হয়ে আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের সদস্যরা দেশটির সামরিক শক্তি বাড়াতে পাহাড়ের গভীর অভ্যন্তরে ও ভূগর্ভস্থ গোপন স্থাপনাগুলোতে নিরলস কাজ করে যাচ্ছেন।

শত্রুপক্ষকে সতর্ক করে আইআরজিসি প্রধান বলেন, “শহীদ তেহরানি মুকাদ্দামের তৈরি করা পথ কোনো হুমকি বা নিষেধাজ্ঞায় স্তব্ধ করা সম্ভব নয়; রক্ত ও বিশ্বাসের ওপর ভর করে এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে।” এছাড়া তিনি বাহিনীটির সাবেক অ্যারোস্পেস কমান্ডার আমির আলী হাজিজাদেহ ও মাহমুদ বাঘেরির অবদানের কথাও শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং প্রতিরক্ষা ব্যবস্থা আরও সুসংহত করতে সদস্যদের কাজ চালিয়ে যাওয়ার নির্দেশ দেন।

এদিকে, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের দূরত্বের ওপর স্বেচ্ছায় বজায় রাখা ২,০০০ কিলোমিটারের সর্বোচ্চ সীমা তুলে নেওয়ার কথা আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেবি তেহরানে এক সংবাদ সম্মেলনে স্পষ্ট করেন যে, ক্ষেপণাস্ত্রের পাল্লার ক্ষেত্রে এই বাধ্যবাধকতা এখন আর কার্যকর নেই।

সীমা কতখানি বাড়ানো হবে তা নির্দিষ্ট না করা হলেও, এর ফলে মধ্যপ্রাচ্যের গণ্ডি পেরিয়ে আরও দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানার সক্ষমতা তৈরির পথ খুলে গেল বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে বর্তমানে ২,০০০ কিলোমিটারের বেশি দূরত্বের ক্ষেপণাস্ত্র ইরানের কাছে ইতোমধ্যে মজুত রয়েছে কি না, সে সম্পর্কে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *