মালয়েশিয়াগামী কর্মীদের খরচ ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ, বোয়েসেলের মাধ্যমে ফ্রিতে যাবেন ১০ হাজার

বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে সর্বোচ্চ অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। একই সাথে আগামী সপ্তাহের মধ্যেই কর্মী পাঠাতে অনুমোদিত মেডিকেল সেন্টারগুলোর চূড়ান্ত তালিকা প্রকাশ করার ঘোষণা দিয়েছে সরকার।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী এসব তথ্য নিশ্চিত করেন।

মন্ত্রী জানান, সরকারি হিসেবে প্রতি কর্মীর খরচ ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ করা হলেও বাস্তবে বিভিন্ন পক্ষ ২ থেকে ৩ লাখ টাকা পর্যন্ত আদায় করছে। অভিবাসন খরচ নির্ধারিত সীমার মধ্যে রাখা সম্ভব হলে প্রবাসী কর্মীদের ভোগান্তি অনেকাংশে কমবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বিনামূল্যে বোয়েসেলের বিশেষ উদ্যোগ
এদিকে সরকারি একমাত্র রিক্রুটিং সংস্থা ‘বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড’ (বোয়েসেল)-এর মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে ১০ হাজার কর্মী মালয়েশিয়ায় পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

এই কর্মসূচির অংশ হিসেবে ইতিমধ্যে মালয়েশিয়ার ‘ডিএইচএল সাপ্লাই চেইন’ কোম্পানিতে ১১২ জন কর্মী নিয়োগের প্রক্রিয়া চলমান রয়েছে। এর পাশাপাশি সেদেশের পর্যটন, ম্যানুফ্যাকচারিং (উৎপাদন) ও কেয়ারগিভিং খাতে আরও ৫৫৮ জন কর্মী নিয়োগের প্রাতিষ্ঠানিক চাহিদাপত্র পেয়েছে বোয়েসেল।

সরকারের নির্ধারিত অভিবাসন খরচ বাস্তবায়ন এবং সরকারি উদ্যোগে সম্পূর্ণ বিনামূল্যে কর্মী পাঠানোর এই প্রক্রিয়া সফল হলে মালয়েশিয়াগামী কর্মীদের আর্থিক ক্ষতি ও সার্বিক ভোগান্তি অনেকাংশে কমে আসবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *