জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির কুষ্টিয়ার দৌলতপুরের গ্রামের বাড়িতে পেট্রল বোমা নিক্ষেপের অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার রাতে এক সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে এমপি নুসরাত তাবাসসুম নিজে এ হামলার তথ্য নিশ্চিত করেন।
এ ঘটনার পর এক বার্তায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
তিনি উল্লেখ করেন, হামলাটি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার টিনের তৈরি একটি পুরাতন বাড়িতে সংঘটিত হয়েছে, যা বর্তমানে পশুপালন ও জিনিসপত্র রাখার কাজে ব্যবহৃত হচ্ছিল এবং যেখানে একজন কেয়ারটেকার অবস্থান করছিলেন। এর ২০ মিটার দূরেই নুসরাতের মা-বাবার বসবাসরত প্রধান ভবনটি অবস্থিত।
স্থানীয় প্রশাসনের বরাত দিয়ে তিনি জানান, প্রধান সড়ক থেকে উক্ত টিনের ঘর লক্ষ্য করে পরপর কয়েকটি পেট্রল বোমা ছুড়ে মারা হয়। মূল ভবনের আশপাশে সিসিটিভি ক্যামেরা থাকলেও পুরাতন বাড়িটিতে ক্যামেরা না থাকায় জড়িতদের তাৎক্ষণিকভাবে শনাক্ত করা কিছুটা জটিল হচ্ছে। তবে কুষ্টিয়ার পুলিশ সুপার ও দৌলতপুর থানার ওসির নেতৃত্বে স্থানীয় পুলিশ ইতোমধ্যেই জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্তে ঢাকা থেকেও পুলিশের একটি বিশেষজ্ঞ টিম যাচ্ছে।
সরকারের পক্ষ থেকে বিষয়টি গুরুত্ব সহকারে দেখে পুলিশ-প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। রাশেদ খাঁন আশা প্রকাশ করেন যে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে এবং জুলাই গণঅভ্যুত্থানের সংশ্লিষ্টদের নিরাপত্তা বিধানে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

Leave a Reply