মাধবপুরে জগদীশপুর-অলিপুর সড়ক উন্নয়নে বরাদ্দ ২৩ কোটি ৮০ লাখ টাকা

হবিগঞ্জের মাধবপুরে দীর্ঘদিনের বেহাল দশা থেকে মুক্তি পেতে যাচ্ছে জগদীশপুর-নোয়াপাড়া-শাহাপুর হয়ে অলিপুর পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কটি। সড়কটির পুনর্নির্মাণ ও সার্বিক উন্নয়নে ২৩ কোটি ৮০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সলের উদ্যোগ ও প্রচেষ্টায় এ বরাদ্দ পাওয়া গেছে। ইতোমধ্যে প্রকল্পের টেন্ডার প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে রয়েছে। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হলে আগামী কয়েক দিনের মধ্যেই কাজ শুরু হওয়ার কথা রয়েছে।

উপজেলার অন্যতম প্রাচীন ও গুরুত্বপূর্ণ এ সড়কটি দীর্ঘদিন ধরে বড় ধরনের সংস্কার না হওয়ায় চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। সড়কের পিচ ও খোয়া উঠে বিভিন্ন স্থানে ছোট-বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়। বিশেষ করে গত বর্ষা মৌসুমে বৃষ্টির পানি জমে গর্তগুলো আরও বড় আকার ধারণ করায় যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে।

সড়কটির দুই পাশে রয়েছে বেশ কয়েকটি বড় শিল্পপ্রতিষ্ঠান। প্রতিদিন এসব প্রতিষ্ঠানের শ্রমিক, ব্যবসায়ী, শিক্ষার্থী ও সাধারণ মানুষ এ সড়ক দিয়ে যাতায়াত করেন। পাশাপাশি শিল্পকারখানার কাঁচামাল ও পণ্য পরিবহনে ভারী যানবাহন চলাচল করায় সড়কটির গুরুত্ব আরও বেড়েছে। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সংশ্লিষ্ট এলাকার মানুষের পাশাপাশি শিল্পপ্রতিষ্ঠানগুলোও নানা সমস্যার সম্মুখীন হচ্ছিল।

স্থানীয়দের দুর্ভোগ লাঘবে সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল প্রথমে ব্যক্তিগত উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে সড়কের ক্ষতিগ্রস্ত অংশে ইট ও খোয়া ফেলে যান চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করেন। তবে স্থায়ী সমাধানের লক্ষ্যে পরবর্তীতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ ও প্রয়োজনীয় তৎপরতা চালান। এরই ধারাবাহিকতায় সড়কটির উন্নয়নে ২৩ কোটি ৮০ লাখ টাকা বরাদ্দ পাওয়া যায়।

মাধবপুর উপজেলা প্রকৌশলী শামস জাবেদ বলেন, সড়ক উন্নয়ন প্রকল্পের টেন্ডার প্রক্রিয়া এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। প্রশাসনিক আনুষ্ঠানিকতা সম্পন্ন হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেওয়া হবে। এরপর দ্রুততম সময়ের মধ্যে কাজ শুরু হবে।

স্থানীয় ইউপি সদস্য আরজু মিয়া বলেন, এ প্রাচীন সড়কটি পুরো অঞ্চলের শিল্প উৎপাদন ও সাধারণ মানুষের যোগাযোগের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘদিনের প্রত্যাশিত সংস্কারকাজ শুরু হতে যাওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল বলেন, বর্তমান সরকার জনগণের ন্যায্য দাবি পূরণ এবং দুর্ভোগ লাঘবে আন্তরিক। জগদীশপুর সড়কের উন্নয়নকাজের পাশাপাশি মাধবপুর ও চুনারুঘাট এলাকার সার্বিক যোগাযোগব্যবস্থা, শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ চলছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *