নোয়াখালীর চাটখিলে নিখোঁজ হওয়ার পাঁচ দিন পর শ্বশুরবাড়ির একটি পরিত্যক্ত ঘর থেকে মো. রাসেল (২৬) নামের এক শ্রমিক দল নেতার মাটিচাপা দেওয়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) গভীর রাতে উপজেলার নোয়াখলা ইউনিয়নের সানোখালী গ্রামের চৌকিদার বাড়ি থেকে এই মরদেহ উদ্ধার করা হয়।
নিহত রাসেল নোয়াখলা ইউনিয়নের সিংবাহুড়া গ্রামের জমাদ্দার বাড়ির সিরাজুল ইসলামের ছেলে এবং তিনি নোয়াখলা ইউনিয়ন পূর্বাঞ্চল শ্রমিকদলের নেতা ছিলেন। তাঁর পরিবারে স্ত্রী ও দুই সন্তান রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরে রাসেল ও তাঁর স্ত্রী মুক্তা বেগমের মধ্যে পারিবারিক কলহ চলে আসছিল। গত ৬ নভেম্বর রাতে স্ত্রী মুক্তা বেগম ফোন করে রাসেলকে নিজের বাড়িতে (শ্বশুরবাড়ি) ডেকে নেন। এরপর থেকেই নিখোঁজ ছিলেন রাসেল। ঘটনার পরদিন গত ৭ নভেম্বর রাসেলের বাবা সিরাজুল ইসলাম চাটখিল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এদিকে রাসেল নিখোঁজ হওয়ার পর থেকেই তাঁর স্ত্রী মুক্তা বেগম ও পরিবারের অন্যান্য সদস্যরা বাড়ি ছেড়ে পালিয়ে যান।
বৃহস্পতিবার রাতে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), ওসি (তদন্ত) এবং উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহজাহান রানাসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি দল রাসেলের শ্বশুরবাড়িতে উপস্থিত হন। তল্লাশির একপর্যায়ে বাড়ির একটি ভাঙা ও পরিত্যক্ত ঘর থেকে তীব্র দুর্গন্ধ ছড়ালে সন্দেহ বাড়ে। পরে ঘরের ভেতর খোঁজাখুঁজি করে পুরোনো লেপ-তোশকে ঢাকা মাটিচাপা অবস্থায় রাসেলের মরদেহ উদ্ধার করা হয়।
কান্নাজড়িত কণ্ঠে নিহত রাসেলের বাবা সিরাজুল ইসলাম অভিযোগ করেন, “গত ৬ তারিখ রাতে মুক্তা ফোন করে আমার ছেলেকে ডেকে নিয়ে যায়। এরপর থেকে আমার ছেলে আর ফেরেনি। ওরা আমার ছেলেকে নির্মমভাবে হত্যা করে মাটিচাপা দিয়ে রেখেছে। আমি প্রধান অভিযুক্ত মুক্তা বেগমসহ জড়িত সবার ফাঁসি ও দৃষ্টান্তমূলক বিচার চাই।”
চাটখিল উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহজাহান রানা বলেন, “রাসেল আমাদের দলের একজন নিবেদিতপ্রাণ ও ত্যাগী নেতা ছিলেন। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে তিনি বারবার নির্যাতনের শিকার হয়েছেন এবং গুলিবিদ্ধও হয়েছেন। আমরা চাটখিল উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের পক্ষ থেকে আমাদের এই সহযোদ্ধার প্রকৃত খুনিদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানাচ্ছি।”
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ জানান, পুলিশ ঘটনাস্থল ও পারিপার্শ্বিক তথ্য বিশ্লেষণ করে মাটিচাপা দেওয়া মরদেহের সন্ধান পায়। পরে মরদেহটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়াধীন রয়েছে এবং অভিযুক্তরা পলাতক থাকায় তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।

Leave a Reply