ইসরায়েলে ৪.৫ মাত্রার ভূমিকম্প: আতঙ্কে ইলাতবাসী, সাময়িকভাবে বন্ধ রামোন বিমানবন্দর

ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় জনপ্রিয় পর্যটন শহর ইলাত ও এর আশেপাশের এলাকায় ৪ দশমিক ৫ মাত্রার একটি মাঝারি ধরনের ভূমিকম্প আঘাত হেনেছে। বুধবার (১১ নভেম্বর) সকালে ঘটে যাওয়া এই ভূকম্পনে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।

নিরাপত্তা ও সতর্কতামূলক ব্যবস্থার অংশ হিসেবে সাময়িকভাবে বন্ধ রাখা হয় রামোন বিমানবন্দর। কম্পনের প্রভাবে বিমানবন্দরের কিছু জানালার কাচ ভেঙে গেলেও সৌভাগ্যবশত এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ইসরায়েলের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার দেওয়া তথ্য অনুযায়ী, ইলাত শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার দক্ষিণে মিশরের সিনাই উপদ্বীপের তাবা এলাকায় ছিল এই ভূমিকম্পের কেন্দ্রস্থল। ভূপৃষ্ঠের মাত্র ৮ কিলোমিটার গভীরে এর উৎপত্তি হওয়ায় কম্পন বেশ জোরালোভাবেই অনুভূত হয়। ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এই তথ্য নিশ্চিত করেছে।

ভূমিকম্প অনুভূত হওয়ার পরপরই ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) হোম ফ্রন্ট কমান্ড ইলাত এবং আরাভা অঞ্চলের শহরগুলোতে বিশেষ সতর্কতা জারি করে। নাগরিকদের নিরাপদ স্থানে থাকার নির্দেশ দেওয়ার পাশাপাশি রামোন বিমানবন্দরের অবকাঠামোগত কোনো ক্ষতি হয়েছে কি না, তা খতিয়ে দেখতে বিশেষ পরিদর্শনের সিদ্ধান্ত নেয় বিমানবন্দর কর্তৃপক্ষ।

প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে বিমানবন্দরের পরিস্থিতি নিরাপদ প্রমাণিত হওয়ায় পরবর্তীতে এর স্বাভাবিক কার্যক্রম পুনরায় চালু করা হয়।

এই প্রাকৃতিক দুর্যোগের পর দেশজুড়ে ভূমিকম্প মোকাবিলা প্রস্তুতি আরও জোরদার করার তাগিদ দিয়েছে আইডিএফ। হোম ফ্রন্ট কমান্ড জানিয়েছে, বড় ধরনের ভূমিকম্পের ঝুঁকি মোকাবিলায় একটি বড় জাতীয় পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।

এর অংশ হিসেবে স্থানীয় প্রশাসনের সক্ষমতা বৃদ্ধি, উদ্ধার কার্যক্রম আরও শক্তিশালী করা এবং সামরিক বাহিনীর প্রস্তুতি বাড়ানোর পরিকল্পনা রয়েছে। পাশাপাশি, আগামী ২০২৭ সালকে ‘ভূমিকম্প প্রস্তুতির বছর’ হিসেবে ঘোষণা করেছে ইসরায়েল। এই পুরো সময়জুড়ে ধারাবাহিক প্রশিক্ষণ ও মহড়া চালানো হবে, যার মূল লক্ষ্য হবে একটি বিশাল জাতীয় মহড়ার মাধ্যমে এই প্রস্তুতিমূলক কার্যক্রমের সমাপ্তি টানা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *