তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত জাতিসংঘ জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলন কপ-৩১-এর উচ্চপর্যায়ের অধিবেশনে বিশ্ববাসীর সামনে জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জোরালো দাবি তুলে ধরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, জলবায়ু পরিবর্তনের শিকার দেশগুলোর জন্য আর কোনো ঋণের বোঝা নয়, বরং প্রয়োজন সরাসরি অনুদান এবং কার্যকর আর্থিক সহায়তা।
ভাষণে প্রধানমন্ত্রী উল্লেখ করেন, বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নির্গমনে বাংলাদেশের অবদান শূন্য দশমিক ৫ শতাংশেরও কম হওয়া সত্ত্বেও দেশটি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। তা সত্ত্বেও ‘সবার আগে বাংলাদেশ’ দর্শনে উদ্বুদ্ধ হয়ে সরকার এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতি গড়ার লক্ষ্য নিয়ে কাজ করছে।
দেশের পরিবেশ রক্ষা ও টেকসই উন্নয়নে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের মধ্যে রয়েছে:
নবায়নযোগ্য জ্বালানি: ২০৩০ সালের মধ্যে দেশের মোট বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি থেকে পূরণের টার্গেট। বিশেষ কর প্রণোদনায় ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন ও বর্জ্য থেকে জ্বালানি তৈরির উদ্যোগ।
সবুজ শিল্পায়ন: দেশে প্রায় ৩০০টি লিড-সার্টিফায়েড তৈরি পোশাক কারখানা চালু রয়েছে এবং পরিবেশবান্ধব পরিবহন ও কার্বন ট্রেডিংয়ের জাতীয় কাঠামো তৈরির কাজ চলছে।
বৃক্ষরোপণ ও পানিসম্পদ রক্ষা: আগামী ৫ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণ, ২০ হাজার কিলোমিটার নদী ও খাল খনন এবং উপকূলীয় অঞ্চলে ম্যানগ্রোভ বন পুনরুদ্ধার।
বর্তমান বৈশ্বিক জলবায়ু অর্থায়ন ব্যবস্থাকে অপর্যাপ্ত ও ঋণগ্রস্ত উল্লেখ করে প্রধানমন্ত্রী সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি ৫ দফা প্রস্তাব পেশ করেন:
অভিযোজনে অর্থবরাদ্দ: আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের কমপক্ষে ৫০ শতাংশ প্রতিটি দেশের নিজস্ব অগ্রাধিকারের ভিত্তিতে অভিযোজন কার্যক্রমে বরাদ্দ করা।
জরুরি ঋণ-ত্রাণ: ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য ‘ক্লাইমেট-রেজিলিয়েন্ট ডেট ক্লজ’ এবং ‘ডেট-ফর-ক্লাইমেট সোয়াপ’-এর মতো উদ্যোগ চালু করা।
প্রযুক্তি হস্তান্তর: পরিবেশবান্ধব জলবায়ু প্রযুক্তিতে উন্নয়নশীল দেশগুলোর ন্যায্য প্রবেশাধিকার ও হস্তান্তর নিশ্চিত করা।
নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তর: সাশ্রয়ী অর্থায়ন ও দক্ষতা বৃদ্ধির মাধ্যমে নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরের গতি ত্বরান্বিত করা।
বেলেম-আনতালিয়া অ্যাকশন মেকানিজম: কপ-৩১ সম্মেলন থেকে ন্যায্য অর্থায়ন ও বা বাণিজ্যের ভিত্তিতে একটি ন্যায়সংগত জ্বালানি রূপান্তরের রূপরেখা গ্রহণ করা।
সবশেষে, জলবায়ু কার্যক্রমে নারী ও তরুণদের সম্পৃক্ত করে সবুজ কর্মসংস্থান সৃষ্টির আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, প্রতিশ্রুতি কেবল কাগজে-কলমে সীমাবদ্ধ না রেখে বৈশ্বিক সংহতির মাধ্যমে একটি টেকসই ভবিষ্যৎ গড়ে তুলতে হবে। ভাষণের শুরুতে তিনি সম্মেলন আয়োজনের জন্য তুরস্ক সরকার এবং আলোচনার নেতৃত্ব দেওয়ার জন্য অস্ট্রেলিয়াকে ধন্যবাদ জানান।

Leave a Reply