সরকারি কোনো কর্মকর্তা বা কর্মচারী অনিয়ম কিংবা দুর্নীতির সঙ্গে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট নিয়মে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিয়া।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে মাদারীপুর জেলা প্রশাসন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে শহীদ মিনার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জনসেবা নিশ্চিত করার ওপর জোর দিয়ে বিভাগীয় কমিশনার বলেন, বর্তমান সরকার পুরো বাংলাদেশকে নতুনভাবে গড়ে তুলতে কাজ করছে। ‘সবার আগে বাংলাদেশ’—এই নীতিকে সামনে রেখে সরকারি প্রতিষ্ঠানগুলোর সেবার মান বাড়ানোর মূল লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে প্রশাসন। সাধারণ মানুষ জেলা প্রশাসক কার্যালয়, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, তফসিল অফিস ও রেজিস্ট্রি অফিস থেকে যথাযথ সেবা পাচ্ছে কি না, তা কঠোরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
এ সময় অনিয়মের বিরুদ্ধে সাধারণ মানুষের সহযোগিতা চেয়ে তিনি জানান, ইতোমধ্যে মাদারীপুরে অপরাধের দায়ে কয়েকজন কর্মকর্তাকে কারাভোগ করতে হয়েছে। কোনো কর্মকর্তা অনিয়মের সঙ্গে জড়ালে সুনির্দিষ্ট তথ্য দিয়ে প্রশাসনকে সহযোগিতার আহ্বান জানান তিনি, যাতে তাৎক্ষণিক প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া যায়।
মাদারীপুরের জেলা প্রশাসক মর্জিনা আক্তারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক খন্দকার মাসুকুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক জুয়েল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) চৌধুরী মুস্তাফিজুর রহমানসহ জেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

Leave a Reply