নিষিদ্ধ ছাত্রলীগের ধর্মঘটকে কেন্দ্র করে গোপালগঞ্জে তীব্র সহিংসতা: ১৫৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৮

নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের ডাকা ছাত্র ধর্মঘটকে কেন্দ্র করে গোপালগঞ্জে ব্যাপক সহিংসতা, নাশকতা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গোপালগঞ্জ সদর থানায় দায়ের করা এই মামলায় ১৫৩ জনের নাম উল্লেখ করার পাশাপাশি ৩০০ জনকে অজ্ঞাতপরিচয় আসামি হিসেবে অভিযুক্ত করা হয়েছে।

গত বুধবার (১১ নভেম্বর) গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) জালাল উদ্দিন বাদী হয়ে মামলাটি করেন। পরে বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন থানার পরিদর্শক (তদন্ত) সিরাজুল ইসলাম। তিনি জানান, নাশকতার অভিযোগে ইতোমধ্যে ৮ জন আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১০ নভেম্বর (মঙ্গলবার) ছাত্রলীগের ধর্মঘট কর্মসূচীকে কেন্দ্র করে গোপালগঞ্জ শহর ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি ঘটে। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র, লগি-বৈঠা, ঢাল ও সড়কিতে সজ্জিত হয়ে শহরের বিভিন্ন পয়েন্টে মহড়া এবং বিক্ষোভ মিছিল বের করে।

জনভোগান্তি ও যান চলাচল অচল করতে বিক্ষোভকারীরা ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ অংশ এবং গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক সড়কের বেশ কয়েকটি স্থানে সড়ক কেটে ফেলে ও টায়ারে আগুন ধরিয়ে অবরোধ সৃষ্টি করে। এ ছাড়া কর্মসূচির আগের দিন গত ৯ নভেম্বর (সোমবার) রাতে জনমনে আতঙ্ক ছড়াতে শহরের একাধিক স্থানে ককটেল বিস্ফোরণ ঘটানো হয় এবং একটি কাভার্ড ভ্যানে ব্যাপক ভাঙচুর চালানো হয়।

আইনশৃঙ্খলা বাহিনীর বক্তব্য অনুযায়ী, জেলার পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও সার্বিক শান্তি বজায় রাখতে নিয়মিত টহল ও অভিযান পরিচালনা করা হচ্ছে। এ মামলার সঙ্গে জড়িত বাকি আসামিদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনতে যৌথ অভিযান অব্যাহত রয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *