সংযুক্তির আদেশ বাতিল হওয়ার পরও পূর্বের কর্মস্থলে যোগদান না করে বর্তমান কর্মস্থলেই দায়িত্ব পালন চালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে তেজগাঁও কেন্দ্রীয় খাদ্য গুদামের (সিএসডি) খাদ্য পরিদর্শক মো. নজরুল ইসলামের বিরুদ্ধে। প্রশাসনিক আদেশ অমান্য করে এমন কার্যক্রমে এলাকায় ও সংশ্লিষ্ট মহলে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।
জানা যায়, গত ৫ নভেম্বর আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক মো. মাইন উদ্দিনের স্বাক্ষরিত এক অফিস আদেশে তাঁর সংযুক্তি বাতিল করা হয়। টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের অধীন জামুর্কি টিপিসি থেকে তিনি তেজগাঁও সিএসডিতে সংযুক্তিতে কর্মরত ছিলেন। খাদ্য অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী বদলি ও পদায়ন নীতিমালা-২০১৯ (সংশোধিত-২০২২)-এর অনুচ্ছেদ ৩ অনুযায়ী তাঁকে অবিলম্বে মূল কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছিল। তবে ওই আদেশে সংযুক্ত বাতিলের পেছনে সুনির্দিষ্ট কোনো কারণ ব্যাখ্যা করা হয়নি।
তদবির ও অনিয়মের অভিযোগ:
অভিযোগ রয়েছে, সরকারি আদেশ পাওয়ার পরও মির্জাপুরে যোগদান না করে তিনি তেজগাঁও সিএসডিতেই বহাল থাকার জন্য বিভিন্ন মহলে জোর তদবির চালিয়ে যাচ্ছেন। এমনকি বিষয়টি নিয়ে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালকের কার্যালয় ও আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়েও তাঁর দৌড়ঝাঁপ অব্যাহত রয়েছে বলে জানা গেছে।
একটি প্রশাসনিক আদেশ অমান্য করে একজন অভিযুক্ত কর্মকর্তা কীভাবে বহাল তবিয়তে দাপ্তরিক দায়িত্ব পালন করে যাচ্ছেন—তা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে সচেতন মহল। অবিলম্বে এই আদেশ কার্যকর করা এবং সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন তাঁরা।

Leave a Reply