৫৩ দিন পর কারামুক্ত ইমরান খানের দুই বোন, অপর বোন এখনো কারাগারে

প্রায় দুই মাস কারাবন্দী থাকার পর অবশেষে মুক্তি পেয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানের দুই বোন—ডা. উজমা খান এবং নওরিন নিয়াজি। বৃহস্পতিবার (১২ নভেম্বর) বর্ধিত আটকাদেশ প্রত্যাহারের পর লাহোরের কোট লাখপত কারাগার থেকে তাদের মুক্তি দেওয়া হয়।

পিটিআইয়ের আইনজীবী রানা মুদাসসির উমর সংবাদমাধ্যম ‘ডন’-কে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে আটকের আদেশ স্থগিত হওয়ার পর দুই বোনই নিরাপদে নিজ নিজ বাড়ি ফিরে গেছেন।

ইসলামাবাদ অভিমুখে পিটিআইয়ের সরকারবিরোধী পদযাত্রার পরিকল্পনা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় তাদের আটক করা হয়েছিল। তবে শেষ পর্যন্ত সেই পদযাত্রা আর অনুষ্ঠিত হয়নি। এদিকে, বিক্ষোভ আয়োজনের দায়িত্বে থাকা খাইবার পাখতুনখোয়া প্রাদেশিক সরকারকেও বরখাস্ত করেছে কেন্দ্রীয় সরকার।

উজমা খানের ছেলে ওয়ালি খান তার মায়ের ৫৩ দিন ধরে কারাবাস ও আকস্মিক মুক্তির তীব্র সমালোচনা করে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, “তাদের কারাবন্দী করাটা যেমন ছিল খেয়ালখুশিমতো, মুক্তি দেওয়াটাও তেমনই।” পিটিআই জানিয়েছে, দুই বোন মুক্তি পেলেও তাদের আরেক বোন আলিমা খান এখনো কারাগারে বন্দি রয়েছেন।

বোনদের মুক্তির ঠিক একদিন আগেই চোখের ও রক্তচাপের চিকিৎসার জন্য পাকিস্তানের কারাবন্দী ৭৪ বছর বয়সী ইমরান খানকে আদিয়ালা কারাগار থেকে ইসলামাবাদের একটি হাসপাতালে নেওয়া হয়েছিল। ২০২২ সালে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে নানা দুর্নীতি মামলার মুখোমুখি হওয়া ইমরান খান তিন বছরেরও বেশি সময় ধরে কারাবন্দী রয়েছেন। যদিও তার বেশিরভাগ সাজাই বর্তমানে স্থগিত বা বিচারাধীন রয়েছে এবং তিনি দাবি করেছেন মামলাগুলো সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *