‘সরকার নিরাপত্তা দিতে না পারলে জানিয়ে দিক’—আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ নাহিদ ইসলামের

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তীব্র অসন্তোষ ও উদ্বেগ প্রকাশ করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও এনসিপির যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনার পর জাতীয় সংসদে সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদ অধিবেশনের শুরুতেই দেওয়া বক্তব্যে নাহিদ ইসলাম সরকারের নিরাপত্তা দেওয়ার সক্ষমতা নিয়ে সংশয় প্রকাশ করেন। তিনি বলেন, সরকার কোনো ধরনের নিরাপত্তা দিতে না পারলে তা যেন স্পষ্ট করে জানিয়ে দেয়। এ সময় তিনি সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, মানবাধিকারের নামে যদি কেবল ‘শত্রুর মানবাধিকার’ নিয়ে বেশি মাথাব্যথা থাকে, তবে তাদের নিজেদের পথ নিজেদেরই দেখতে হবে।

ফ্যাসিবাদী শক্তির চলমান নৈরাজ্য ও নাশকতার মূল লক্ষ্য স্পষ্ট উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, আজ তারা (এনসিপি) প্রথম টার্গেট হলেও পরবর্তীতে বিএনপিও এই শক্তির লক্ষ্যবস্তুতে পরিণত হবে। তাদের নৃশংসতা থেকে কারও পরিবারই নিরাপদ থাকবে না বলে মন্তব্য করেন তিনি। এ সময় আওয়ামী লীগ ও ফ্যাসিস্ট শক্তির বিচারের প্রশ্নে বর্তমান সরকারের মনোভাবকে ‘আপসকামী’ আখ্যা দিয়ে এর সুস্পষ্ট জবাব দাবি করেন এই এনসিপি নেতা।

গত বুধবার রাতে কুষ্টিয়ার দৌলতপুরে সংরক্ষিত নারী আসনের এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা মেরে আগুন দেওয়ার অভিযোগ তোলেন নাহিদ ইসলাম। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, স্থানীয় থানার ওসি দাবি করেছেন সেখানে কোনো পেট্রোল বোমার আলামত পাওয়া যায়নি; অথচ এসপির সঙ্গে কথা বলে তিনি জানতে পেরেছেন যে দুপুর পর্যন্ত কোনো ফরেনসিক টিমই ঘটনাস্থলে যায়নি। ফরেনসিক পরীক্ষা ছাড়াই ওসির এমন মন্তব্য নিয়ে তিনি প্রশ্ন তোলেন।

নাহিদ ইসলাম আরও উল্লেখ করেন, গত পরশু মৌলভীবাজারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসিব আল ইসলামের ওপর হামলার ঘটনায় ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। দেশজুড়ে মুহুর্মুহু পেট্রোল বোমা ও ককটেল বিস্ফোরণ ঘটলেও প্রশাসনের নিষ্ক্রিয়তায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। বিশেষ করে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণকে ‘আইনশৃঙ্খলার অবনতি বলা যাবে না’ মর্মে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রসঙ্গ টেনে নাহিদ ইসলাম প্রশ্ন রাখেন—সংসদ সদস্যের বাড়িতে আগুন লাগানোর ঘটনাকেও কি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বলা যাবে না?

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *