চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ দুই দিনের রিমান্ডে

চট্টগ্রাম নগরের চকবাজার থানার একটি চাঁদাবাজির মামলায় শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ‘ডেভিড ইমন’-কে দুই দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আলমগীর হোসেনের আদালত উভয়পক্ষের শুনানি শেষে এই রিমান্ড মঞ্জুর করেন। ডেভিড ইমন চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর এলাকার মৃত মো. মুসার ছেলে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপকমিশনার (প্রসিকিউশন) মোহাম্মদ হাসান ইকবাল চৌধুরী জানান, চকবাজার থানার চাঁদাবাজির মামলায় আসামির পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছিল পুলিশ। শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে চকবাজার থানার আরেকটি চাঁদাবাজির মামলায় তাকে গ্রেপ্তার দেখায় পুলিশ।

গত ২৯ জুলাই যশোরের কোতোয়ালী থানার ঝুমঝুমপুর এলাকা থেকে ডেভিড ইমনসহ চারজনকে গ্রেপ্তার করা হয়। চট্টগ্রাম জেলা পুলিশের তথ্য অনুযায়ী, গত ১৩ জুন পাহাড়তলী এলাকায় সংঘটিত মাকসুদুল হক চৌধুরী হত্যা মামলার তদন্ত ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তার অবস্থান শনাক্ত করা হয়েছিল।

পরবর্তীতে গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে ৩০ জুলাই ভোরে ফটিকছড়ির কাঞ্চননগর ইউনিয়নের মানিকপুর এলাকার একটি পরিত্যক্ত বাড়িতে অভিযান চালায় পুলিশ। সেখান থেকে একটি বিদেশি পিস্তল, দুটি দেশীয় এলজি এবং অন্যান্য অস্ত্র উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, ডেভিড ইমনের বিরুদ্ধে চট্টগ্রাম মহানগর ও জেলার বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র ও চাঁদাবাজিসহ মোট ১৩টি মামলা রয়েছে। এ ছাড়াও বিভিন্ন চাঞ্চল্যকর হত্যাকাণ্ডে তার সম্পৃক্ততা রয়েছে কি না, সে বিষয়েও তদন্ত চলছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *