ব্রাহ্মণপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১২ দোকান ভস্মীভূত, নিঃস্ব ব্যবসায়ীরা

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১০ থেকে ১২টি ব্যবসাপ্রতিষ্ঠান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার (১৪ নভেম্বর) ভোর ৪টা ১০ মিনিটের দিকে উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের সাহেবাবাদ দক্ষিণ বাজারে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভোররাতে বাজারের দোকানগুলোতে হঠাৎ আগুন ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। খবর পেয়ে বুড়িচং ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। ফায়ার সার্ভিস কর্মী, পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের প্রায় তিন ঘণ্টার সম্মিলিত প্রচেষ্টায় সকাল ৭টার পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

তবে আগুন নেভানোর আগেই তেল, গ্যাস সিলিন্ডার, ফার্মেসি, মুদি দোকান ও স্টুডিওসহ অন্তত ১২টি দোকানের সব মালামাল ভস্মীভূত হয়ে যায়। এতে সর্বস্ব হারিয়ে চরম বিপাকে পড়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসকে আগুন নিয়ন্ত্রণে সহায়তা করে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এ বিষয়ে ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন্নি ইসলাম বলেন, অগ্নিকাণ্ডে ১০ থেকে ১২টি দোকান সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। ফায়ার সার্ভিস ও উপজেলা প্রশাসন যৌথভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা প্রস্তুত করে সরকারিভাবে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *