হবিগঞ্জের মাধবপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের গুমুটিয়া-শিবপুর এলাকার সার্বিক উন্নয়ন এবং মাদক, জুয়াসহ সব ধরনের সামাজিক অনাচার প্রতিরোধে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার নিয়ে গঠিত গুমুটিয়া-শিবপুর উন্নয়ন পরিষদের অভিষেক অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) সকালে গুমুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ গিয়াস উদ্দিন। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইমরুল হাসান জাহাঙ্গীর। বিশেষ অতিথি ছিলেন মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোহেল রানা।
সংগঠনের সাধারণ সম্পাদক মো. শিব্বির আহম্মদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সাবেক কাউন্সিলর মোবারক উল্লাহ লাল মিয়া, মাধবপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি রোকনউদ্দিন লস্কর, এনটিভির প্রতিনিধি জামাল মো. আবু নাছের, চন্দন রায় প্রমুখ।
অনুষ্ঠানে এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ এবং যুবসমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, গুমুটিয়া ও শিবপুর এলাকাকে মাদক ও জুয়ামুক্ত করতে সম্মিলিত উদ্যোগ গ্রহণ করা হবে। সামাজিক অনাচার প্রতিরোধ, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একটি সুন্দর, নিরাপদ ও আদর্শ সমাজ গঠনে সামাজিক ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।
অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে গুমুটিয়া ও শিবপুর গ্রামের সার্বিক উন্নয়নে ২১ দফা প্রস্তাবনা উপস্থাপন করা হয়। এসব প্রস্তাব বাস্তবায়নের মাধ্যমে এলাকার সামাজিক, মানবিক ও অবকাঠামোগত উন্নয়ন ত্বরান্বিত করার প্রত্যয় ব্যক্ত করেন সংগঠনের নেতৃবৃন্দ।

Leave a Reply