হরমুজ প্রণালিতে নৌমাইন বিস্ফোরণ, দুই তেলবাহী জাহাজে আগুন

আন্তর্জাতিক জ্বালানি পরিবহনের অন্যতম কৌশলগত নৌপথ হরমুজ প্রণালিতে নৌমাইনের আঘাতে দুটি তেলবাহী জাহাজে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৪ নভেম্বর) ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী এক বিবৃতিতে এই দাবি করেছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে বিবৃতিটি প্রচার করা হয়।

আইআরজিসির পক্ষ থেকে জানানো হয়েছে, জাহাজ দুটি নিজেদের রাডার ও অবস্থান শনাক্তকরণ (ট্র্যাকিং) ব্যবস্থা বন্ধ রেখে গোপনে প্রণালিটি অতিক্রম করার চেষ্টা করছিল। ইরানের নির্ধারিত অনুমোদনহীন পথ দিয়ে চলাচলের সময় সেগুলো নৌমাইনের সংস্পর্শে আসে। এর ফলে দুটি জাহাজেই বিস্ফোরণ ঘটে এবং আগুন ছড়িয়ে পড়ে।

আক্রান্ত জাহাজ দুটির মধ্যে একটি সুপারট্যাংকার বলে উল্লেখ করা হলেও, সেগুলোর নাম, মালিকানা বা কোন দেশের পতাকাবাহী—তা প্রকাশ করেনি ইরানি বাহিনী।

উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাত শুরু হওয়ার পর থেকে হরমুজ প্রণালিতে নৌযান চলাচলে কঠোর বিধিনিষেধ আরোপ করে রেখেছে তেহরান। ইরানের শর্ত অনুযায়ী, এই জলপথ ব্যবহার করতে হলে আগে থেকেই তাদের অনুমতি নেওয়া বাধ্যতামূলক। এর আগেও অনুমতি ছাড়া চলাচলের চেষ্টাকালে একাধিক জাহাজে হামলার ঘটনা ঘটিয়েছে দেশটি।

বিশ্বের বিপুল পরিমাণ অপরিশোধিত জ্বালানি তেল ও গ্যাস এই প্রণালি দিয়ে পরিবহন করা হয়। ফলে গুরুত্বপূর্ণ এই নৌপথে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা বা অস্থিরতা বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের অস্থিতিশীলতা তৈরি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *