‘ফালতু লোক’ মন্তব্য: লাইভ টকশো ছেড়ে বেরিয়ে গেলেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন

একটি বেসরকারি টেলিভিশনের লাইভ টকশোতে সহ-আলোচকের মুখে ‘ফালতু লোক’ শোনার পর অপমানিত হয়ে অনুষ্ঠান বর্জন করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। গত শুক্রবার (১৩ নভেম্বর) রাতের এই ঘটনায় রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার সৃষ্টি হয়েছে।

অনুষ্ঠানের লাইভ আলোচনার এক পর্যায়ে রাশেদ খাঁন ও অপর আলোচক ডক্টর আব্দুল মান্নানের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। তর্কের উত্তাপের একপর্যায়ে ড. মান্নান তাকে ‘ফালতু লোক’ বলে সম্বোধন করেন।

জাতীয় গণমাধ্যমে একজন রাজনৈতিক নেতা ও সরকারি দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে এমন আপত্তিকর ভাষায় আক্রমণ করায় তাৎক্ষণিকভাবে তীব্র ক্ষোভ প্রকাশ করেন রাশেদ খাঁন। তিনি সঞ্চালক মনিরুল ইসলামের কাছে এর প্রতিকার চেয়ে সাফ জানিয়ে দেন, আত্মসম্মান বিসর্জন দিয়ে তিনি কোনোভাবেই অনুষ্ঠানে বসে থাকবেন না।

পরিস্থিতি সামাল দিতে সঞ্চালক সঙ্গে সঙ্গেই দুঃখ প্রকাশ করেন এবং অনুষ্ঠানের পক্ষ থেকে ড. মান্নানের মন্তব্যটি প্রত্যাহার করে নেওয়ার প্রস্তাব দিয়ে রাশেদ খাঁন-কে অনুষ্ঠান চালিয়ে যাওয়ার অনুরোধ জানান।

তবে রাশেদ খাঁন সেই প্রস্তাবে রাজি হননি। তার স্পষ্ট দাবি ছিল—যিনি কটূক্তি করেছেন, কথাটি তাকেই সরাসরি ফিরিয়ে নিতে হবে। ড. মান্নান তা করতে অস্বীকৃতি জানালে, শেষ পর্যন্ত সঞ্চালক ও দর্শকদের প্রতি দুঃখ প্রকাশ করে স্টুডিও ত্যাগ করেন রাশেদ খাঁন।

এই ঘটনার পেছনে রয়েছে কয়েক দিন আগে জাতীয় সংসদে হওয়া একটি রাজনৈতিক বিতর্ক। সম্প্রতি রাশেদ খাঁন বিভিন্ন জনসভা ও সামাজিক মাধ্যমে দাবি করে আসছিলেন যে, জামায়াতে ইসলামীর শীর্ষ নেতারা (বিশেষ করে মিয়া গোলাম পরওয়ার) ভারতীয় গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে গোপনে বৈঠক করেছেন।

গত বুধবার (১১ নভেম্বর ২০২৬) জাতীয় সংসদে এই অভিযোগ পুরোপুরি নাকচ করে দেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। সংসদে তিনি বলেন, কোনো বিদেশি এজেন্সির সঙ্গে বসার কোনো ইতিহাস তাদের নেই। একই সঙ্গে তিনি রাশেদ খাঁন-কে উদ্দেশ্য করে কটাক্ষ করে বলেন, সরকারের নিয়োজিত ‘জামায়াত বিষয়ক সচিব’ মর্যাদার ওই ব্যক্তি সারাদিন তাদের পেছনে লেগে আছেন এবং তাকে কোনো বেতন-মজুরি দিতে না পারার কারণে তিনি দুঃখিত। ওই বক্তব্যে তাকে ‘ফালতু লোক’ বলেও ইঙ্গিত করা হয়।

এর পর থেকেই ফেসবুকে ও বিভিন্ন মাধ্যমে দুই পক্ষের পাল্টাপাল্টি তীব্র প্রতিক্রিয়া শুরু হয়, যার রেশ গড়ায় শুক্রবার রাতের ওই টকশোতেও।

অনুষ্ঠান ছেড়ে আসার পর নিজের আত্মসম্মানের পক্ষে যুক্তি তুলে ধরতে গিয়ে ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন, কারাবাস ও রিমান্ডে নির্যাতনের অতীত সংগ্রাম প্রসঙ্গ টেনে আনেন রাশেদ খাঁন।

উল্লেখ্য, ২০১৮ সালের কোটা আন্দোলনের অন্যতম এই নেতা পরে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। পরবর্তীতে সেই পদ ছেড়ে বিএনপিতে যোগ দিয়ে সর্বশেষ জাতীয় নির্বাচনে ঝিনাইদহ-৪ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন। পরবর্তীতে ২০২৬ সালের জুলাইয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে সচিব মর্যাদায় প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী পদে চুক্তিভিত্তিক নিয়োগ পান তিনি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *