জাপান ম্যাচ দিয়ে ‘নতুন ব্রাজিলের’ যাত্রা শুরু করছেন আনচেলত্তি

বিশ্বকাপে হিউস্টনের সেই রোমাঞ্চকর লড়াইয়ের পর আবারও জাপানের মুখোমুখি হচ্ছে ব্রাজিল। আজ বাংলাদেশ সময় বিকেল ৪টা ১৫ মিনিটে সিঙ্গাপুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে ম্যাচটি। তবে এটি কেবল একটি প্রীতি ম্যাচ নয়, বরং সেলেসাওদের জন্য নতুন এক অধ্যায়ের সূচনা। ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছেন, এই ম্যাচ থেকেই তারুণ্যনির্ভর নতুন প্রজন্মের ব্রাজিল দল গড়ার কাজ শুরু হচ্ছে।

নেইমারসহ একঝাঁক অভিজ্ঞ তারকা বিদায় নেওয়ায় স্কোয়াডে এসেছে বড় পরিবর্তন। জাপানের বিপক্ষে ঘোষিত ২৬ সদস্যের দলের ১৫ জনেরই বয়স ২৩ বছরের নিচে।

শুক্রবার ম্যাচ-পূর্ববর্তী সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেন, ‘বিশ্বকাপ দিয়ে আমাদের একটি প্রজন্মের অধ্যায় শেষ হয়েছে। এবার নতুন প্রজন্ম নিয়ে সামনে এগোনোর পালা। ২০২৮ কোপা আমেরিকা এবং ২০৩০ বিশ্বকাপকে লক্ষ্য রেখে এখন থেকেই দল গোছানোর কাজ শুরু করছি।’

তরুণদের নিয়ে আশাবাদী এই ইতালীয় কোচ আরও যোগ করেন, ‘আমাদের পাইপলাইনে প্রচুর সম্ভাবনাময় তরুণ প্রতিভা রয়েছে, যাদের অনেকেই একদমই নতুন। অনুশীলনে তাদের পারফরম্যান্স দেখে আমি বেশ সন্তুষ্ট।’

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *