ঢাকাকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানী ঢাকাকে আরও পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে সংশ্লিষ্ট সব সংস্থাকে একযোগে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিচ্ছন্নতা কার্যক্রমে গতি ও কার্যকারিতা বাড়াতে তিনি পারস্পরিক সমন্বয়ের ওপর বিশেষ জোর দেন।

শনিবার (১৪ নভেম্বর) দুপুরে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক পর্যালোচনা সভায় তিনি এসব কথা বলেন। ঢাকা শহরের পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার জন্য গঠিত কমিটির কাজের অগ্রগতি মূল্যায়নের লক্ষ্যে এই সভার আয়োজন করা হয়।

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আব্দুস সাত্তার এবং প্রেস সচিব সালেহ শিবলীসহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা অংশ নেন।

বৈঠকে পরিচ্ছন্নতা কমিটির চলমান কার্যক্রম, ইতোমধ্যে নেওয়া বিভিন্ন পদক্ষেপ এবং সামগ্রিক অগ্রগতির চিত্র তুলে ধরা হয়। আলোচনায় রাজধানীর বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়ন এবং সড়ক ও জনসমাগমস্থলগুলো নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়টি প্রাধান্য পায়। নগরবাসীর জন্য একটি সুস্থ পরিবেশ নিশ্চিত করতে সব দপ্তরের সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *