ডিসেম্বর পর্যন্ত জ্বালানি নিয়ে শঙ্কা নেই, স্বাভাবিক হচ্ছে গ্যাস ও বিদ্যুৎ পরিস্থিতি: জ্বালানিমন্ত্রী

বিকল্প উৎস থেকে জ্বালানি আমদানি এবং তেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলো সচল করার ফলে দেশের জ্বালানি ও বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি এখন স্বাভাবিক হয়ে এসেছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। আগামী ডিসেম্বর মাস পর্যন্ত জ্বালানি সরবরাহ নিয়ে কোনো উদ্বেগ নেই বলেও আশ্বস্ত করেছেন তিনি।

শনিবার রাজধানীর একটি তারকা হোটেলে আয়োজিত ‘পঞ্চম বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলন ২০২৬’-এর দ্বিতীয় অধিবেশনে মন্ত্রী এসব তথ্য জানান। ‘জ্বালানি নিরাপত্তা, বিদ্যুৎ খাত ও টেকসই অর্থনৈতিক উন্নয়ন’ শীর্ষক ওই অধিবেশনে তিনি দেশের বর্তমান জ্বালানি অবস্থা, বিদ্যুৎ উৎপাদন এবং আগামী গ্রীষ্মকালীন প্রস্তুতির চিত্র তুলে ধরেন।

সংকটের পটভূমি ব্যাখ্যা করে মন্ত্রী জানান, তিনি দায়িত্ব নেওয়ার মাত্র ১০ থেকে ১৫ দিনের মধ্যেই মধ্যপ্রাচ্যে ইরানকে কেন্দ্র করে যুদ্ধ শুরু হয়, যা দেশের প্রচলিত জ্বালানি সরবরাহ ব্যবস্থাকে বাধাগ্রস্ত করে। এর পাশাপাশি একটি ভাসমান এলএনজি টার্মিনালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে গ্যাস সরবরাহ প্রায় অর্ধেকে নেমে আসে। এর প্রভাবে বেশ কিছু বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে যায় এবং শিল্পকারখানাগুলো তীব্র ভোগান্তির মুখে পড়ে।

উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে সরকার মধ্যপ্রাচ্যের বিকল্প হিসেবে স্পট মার্কেট থেকে চড়া দামে এলএনজি সংগ্রহ করেছে উল্লেখ করে ইকবাল হাসান মাহমুদ বলেন, দায়িত্ব গ্রহণের সময় প্রতি ইউনিট এলএনজির মূল্য ছিল ১২ ডলার, যা সর্বশেষ ৩১ ডলারে কিনতে হয়েছে। এত উচ্চমূল্যের এলএনজি দিয়ে বিদ্যুৎ উৎপাদনের খরচ এবং তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের খরচ প্রায় সমান হয়ে যাওয়ায় সরকার তেলভিত্তিক কেন্দ্রগুলো চালু করার সিদ্ধান্ত নেয়।

বর্তমান পরিস্থিতির বিষয়ে সন্তোষ প্রকাশ করে জ্বালানিমন্ত্রী বলেন, গ্যাস সরবরাহ এখন অনেকটাই স্থিতিশীল এবং বিদ্যুৎ পরিস্থিতিও সন্তোষজনক। গত ১৫ থেকে ২০ দিনে দেশের খুব কম এলাকাতেই লোডশেডিং হয়েছে; যেসব স্থানে সাময়িক সমস্যা দেখা দিয়েছে, তার মূল কারণ ছিল কারিগরি ত্রুটি। চাহিদা অনুযায়ী জ্বালানি সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে তিনি আশা প্রকাশ করেন, ডিসেম্বর পর্যন্ত নিরবচ্ছিন্ন সরবরাহ বজায় রাখা সম্ভব হবে এবং পরবর্তীতে জানুয়ারি মাসের জন্য নতুন আমদানির পরিকল্পনা গ্রহণ করা হবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *