গাজীপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধের চেষ্টা, পুলিশের টিয়ার শেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে

গাজীপুরের মৌচাক তেলিরচালা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভের চেষ্টা করেছেন পোশাক শ্রমিকরা। এ সময় পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটলে টিয়ার শেল ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আজ রবিবার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনার সূত্রপাত হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকাল ৮টার দিকে তেলিরচালা এলাকার ‘লেভেন্ডা গার্মেন্টস’-এর শ্রমিকরা কারখানায় আসেন। তবে কাজে যোগ না দিয়ে সাড়ে ৮টার দিকে তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে নেমে যানবাহন চলাচল বন্ধ করে দেন।

প্রায় আধা ঘণ্টা সড়কটি অবরোধ থাকায় ওই রুটে সাময়িক যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ জানান। এতে শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে শুরু করেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করলে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে যান এবং সকাল ৯টার দিকে মহাসড়কে যান চলাচল পুনরায় স্বাভাবিক হয়।

এ বিষয়ে গাজীপুর শিল্প পুলিশ-২ এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, জেলার সার্বিক পরিস্থিতি আজ অনেকটাই স্বাভাবিক রয়েছে। তবে সকালে মৌচাক এলাকায় কিছুটা উত্তেজনা দেখা দিয়েছিল। পুলিশের তৎপরতায় বিক্ষোভকারীরা সরে যাওয়ায় বর্তমানে মহাসড়কে যান চলাচল পুরোপুরি স্বাভাবিক আছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *