উন্নয়ন ও রাজস্ব খাতের প্রকল্পের কাজে গতিশীলতা আনতে এবং বাস্তবায়নে শতভাগ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ডিজিটাল মনিটরিং ব্যবস্থার ওপর জোর দিয়েছে গণপূর্ত অধিদপ্তর। এর অংশ হিসেবে এখন থেকে অধিদপ্তরের অধীন সব চলমান ও ভবিষ্যৎ প্রকল্পে ‘পিডব্লিউডি প্রজেক্ট মনিটরিং সফটওয়্যার’ বা পিপিএমএস (PPMS) ব্যবহার করা বাধ্যতামূলক করা হয়েছে।
গত ২৮ অক্টোবর গণপূর্ত ইএম এমআইএস বিভাগ-৩ এর নির্বাহী প্রকৌশলীর কার্যালয় থেকে জারিকৃত এক দাপ্তরিক চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়। নির্বাহী প্রকৌশলী (ইএম) সাহিয়া তামান্না হক স্বাক্ষরিত চিঠিতে জানানো হয়, প্রধান প্রকৌশলীর জরুরি নির্দেশনা অনুযায়ী এই উদ্যোগ নেওয়া হয়েছে।
সংশ্লিষ্টরা বলছেন, এই সফটওয়্যার ব্যবহারের ফলে মাঠপর্যায়ের দপ্তর থেকে শুরু করে একেবারে মন্ত্রণালয় পর্যন্ত সব স্তরে কার্যকর সংযোগ তৈরি হবে। এর মাধ্যমে খুব দ্রুত তথ্য আদান-প্রদান, নিরাপদ তথ্য সংরক্ষণ এবং নীতিনির্ধারণী পর্যায়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে। গণপূর্ত অধিদপ্তরের কেন্দ্রীয় মনিটরিং সার্কেল ও মাঠপর্যায়ের অফিসগুলোর কাজের সমন্বয় বাড়াতেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
চিঠিতে মনিটরিং অফিস এবং মাঠপর্যায়ের দপ্তরগুলোর সুনির্দিষ্ট কিছু দায়িত্বের কথা উল্লেখ করা হয়েছে:
মনিটরিং অফিসের কাজ: নতুন প্রকল্প শুরু ও অনুমোদন দেওয়া, ডিপিপি (DPP) ও প্রকিউরমেন্ট প্ল্যানের মতো প্রয়োজনীয় ফাইল সংযুক্ত করা, প্যাকেজ অনুযায়ী ব্যবহারকারী নির্ধারণ, প্রকিউরমেন্ট প্যাকেজ প্রস্তুত-অনুমোদন এবং সামগ্রিক তদারকি ও রিপোর্ট প্রদান।
মাঠপর্যায়ের দপ্তরের কাজ: জমি প্রাপ্তির তথ্য ও প্রকিউরমেন্ট প্ল্যান তৈরি, টেন্ডার ও চুক্তির (NOA ও Agreement) তথ্য আপলোড, সেগমেন্টভিত্তিক ওয়ার্ক প্রোগ্রাম তৈরি এবং কাজের অগ্রগতি নিয়মিত ছবি ও ভিডিওসহ সফটওয়্যারে হালনাগাদ করা।
সফটওয়্যারটি ব্যবহারের জন্য গণপূর্ত অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট (pwd.gov.bd) ভিজিট করে অভ্যন্তরীণ ই-সেবা (Internal E-Services) অপশনে এর লিংক পাওয়া যাবে। সফটওয়্যারটি পরিচালনায় কোনো ধরনের সহযোগিতার প্রয়োজন হলে ইএম এমআইএস বিভাগ-৩ এর নির্বাহী প্রকৌশলী কিংবা পিপিএমএস সাপোর্ট নম্বরে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

Leave a Reply