রংপুরের তারাগঞ্জে অর্থ ছিনিয়ে নেওয়ার চেষ্টার সময় বাধা দেওয়ায় চলন্ত বাস থেকে লাথি মেরে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ উঠেছে। আজ রবিবার (১৫ নভেম্বর) সকালে রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জের জিগাতলা এলাকায় এই পৈশাচিক ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদে ও বিচার দাবিতে উত্তাল হয়ে ওঠে মহাসড়ক; বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।
নিহত দুজন হলেন—নীলফামারী সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়নের বসুনিয়াপাড়া এলাকার কালু মিয়ার ছেলে মুকুল ইসলাম (২৮) এবং লোকমান বসুনিয়ার ছেলে শাকিব বসুনিয়া (২২)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত শাকিবসহ এলাকার ছয়জন ব্যক্তি কুমিল্লার ময়নামতি সেনানিবাস এলাকা থেকে ‘সায়মন এক্সক্লুসিভ’ পরিবহনের একটি বাসে করে নিজ বাড়িতে ফিরছিলেন। তাদের সাথে থাকা চাচা আতিক ইসলামের কাছে তিন লাখ টাকা ছিল।
বাসটি তারাগঞ্জ এলাকা অতিক্রম করার পর অন্য যাত্রীদের নামিয়ে দিয়ে সুকৌশলে আতিক ইসলামকে জিম্মি করেন বাসের হেলপার ও সুপারভাইজার। তারা আতিকের গলায় গামছা পেঁচিয়ে ধরে টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এ সময় মুকুল ও শাকিব তাদের বাঁচাতে এগিয়ে এলে বাসটি চলন্ত অবস্থাতেই ওই দুজনকে লাথি ও ধাক্কা দিয়ে ফেলে দেয়।
বাসের অপর যাত্রী ও প্রত্যক্ষদর্শী আতিক ইসলাম জানান, টাকার কারণে তাকে বাস থেকে নামানো হয়নি বরং তাকে জিম্মি করা হয়েছিল। মুকুল ও শাকিব তাকে রক্ষায় এগিয়ে আসতেই তাদের চলন্ত বাস থেকে ফেলে দেওয়া হয়। পরে তার চিৎকারে একটি মাইক্রোবাসের যাত্রীরা বিষয়টি দেখে স্থানীয়দের খবর দেন এবং স্থানীয়দের সহায়তায় চিকলী এলাকায় বাসটি আটক করা হয়। বাসটি আটক করা না হলে তাকেও একইভাবে ফেলে দেওয়া হতো বলে জানান তিনি।
তারাগঞ্জ ফায়ার সার্ভিস জানিয়েছে, খবর পেয়ে সকাল আটটার দিকে জিগাতলা এলাকায় পৌঁছে সড়কের পাশ থেকে দুজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়। তাদের মধ্যে একজন ঘটনাস্থলেই মারা যান এবং অপরজনকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোনাববর হোসেন বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। এই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বাসের চালক ও সুপারভাইজারকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে।

Leave a Reply