গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু নাসের চৌধুরীর বিরুদ্ধে শতকোটি টাকার দুর্নীতি ও কমিশন বাণিজ্যের অভিযোগ

পতিত স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারের অন্যতম প্রভাবশালী মন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ঘনিষ্ঠ সহযোগী এবং গণপূর্ত অধিদপ্তরের অত্যন্ত বিতর্কিত তত্ত্বাবধায়ক প্রকৌশলী ড. আবু নাসের চৌধুরীর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, ঘুষ, দুর্নীতি এবং অঢেল সম্পদ অর্জনের এক ভয়ঙ্কর চিত্র উন্মোচিত হয়েছে। অতীতে আওয়ামী লীগ সরকারের আমলে তেজগাঁও ও এলেনবাড়ী এলাকায় নানা অনিয়ম ও দুর্নীতির রেকর্ড সৃষ্টিকারী এই কর্মকর্তা রাজনৈতিক পটপরিবর্তনের পর অত্যন্ত চতুরতার সঙ্গে ভোল পাল্টে নিজেকে বিএনপি পন্থী ও নতুন রাজনৈতিক বলয়ের লোক হিসেবে জাহির করে আসছেন। বর্তমানে তিনি গণপূর্ত সার্কেল-২ (ঢাকা) (সিভিল)-এর চলতি দায়িত্ব এবং সার্কেল-১ এর অতিরিক্ত দায়িত্বে বহাল থেকে গণপূর্ত অধিদপ্তরে একচ্ছত্র ঘুষ ও কমিশন বাণিজ্যের রামরমা রাজত্ব চালিয়ে যাচ্ছেন বলে গুরুতর অভিযোগ পাওয়া গেছে। তাঁর এই দুর্নীতির বিস্তার, সিন্ডিকেট পরিচালনা এবং ক্ষমতার অপব্যবহারের ঘটনায় ক্ষুব্ধ হয়ে উঠেছেন সাধারণ ঠিকাদার ও সৎ কর্মকর্তারা।

গত ২৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসন শাখা-৭ এর প্রজ্ঞাপনের মাধ্যমে গণপূর্ত সার্কেল-২ এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী হিসেবে চলতি দায়িত্ব পাওয়ার পর থেকেই ড. আবু নাসের চৌধুরী এক বিশাল সিন্ডিকেট বাহিনী গড়ে তুলেছেন বলে অভিযোগ রয়েছে। বিগত ১৪ মাস ধরে তাঁর দপ্তরে ঠিকাদারদের বিল ছাড় করার ক্ষেত্রে পূর্বনির্ধারিত পার্সেন্টেজ বা ঘুষের টাকা আগে পরিশোধ না করলে কোনো ফাইল পাস করা হয় না।

অনুসন্ধানে জানা যায়, ফ্যাসিস্ট সরকারের আমলেও তিনি একই কায়দায় তেজগাঁও গণপূর্ত সম্পদ বিভাগের নির্বাহী প্রকৌশলী থাকাকালীন বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বরাদ্দের বিপরীতে নামমাত্র কাজ করিয়ে এবং ভুয়া বিল-ভাউচার তৈরি করে সরকারের কোটি কোটি টাকা আত্মসাৎ করেছিলেন। তৎকালীন সময়ে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর আত্মীয় পরিচয়ের সুবাদে তাঁর দুর্নীতির সাম্রাজ্যের বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পেত না। কিন্তু ক্ষমতার পালাবদলের পর তিনি অতি চতুরতার সঙ্গে নিজেকে সচিবালয়ের প্রভাবশালী মহলের ঘনিষ্ঠ বলে পরিচয় দিয়ে একই কায়দায় দুর্নীতির ধারা অব্যাহত রেখেছেন।

ড. আবু নাসের চৌধুরীর বিরুদ্ধে অতীতে সংঘটিত দুর্নীতির নানা চাঞ্চল্যকর তথ্য রয়েছে। তেজগাঁও এলেনবাড়ী সম্পদ বিভাগে নির্বাহী প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালনকালে ‘বঙ্গবন্ধু কর্নার’ নির্মাণে প্রায় ২ কোটি টাকা ব্যয় দেখানো হয়েছিল। ওই কাজের গোপন দরপত্র দিয়ে এএইচ এন্টারপ্রাইজ নামক ঠিকাদারি প্রতিষ্ঠানকে এককভাবে কাজ পাইয়ে দিয়ে লাখ লাখ টাকা কমিশন আদায়ের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। এছাড়া নির্মাণকাজে অতি নিম্নমানের সামগ্রী ব্যবহারের সুনির্দিষ্ট অভিযোগ থাকলেও তৎকালীন মন্ত্রীর দাপটের কারণে এলাকাবাসীর কোনো অভিযোগই আমলে নেওয়া হয়নি।

শুধু তাই নয়, এলেনবাড়ী গণপূর্ত প্রশিক্ষণ একাডেমি, ল্যাবরেটরি ও কোয়ার্টার সংলগ্ন সংরক্ষিত বড় পুকুরের পানি সেচের নামে রাতের আঁধারে ১০ থেকে ১৫ মন মাছ চুরি করে বিক্রির চাঞ্চল্যকর ঘটনাও তাঁর আমলেই ঘটেছিল। চৌধুরী কনস্ট্রাকশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে পানি সেচের অনুমতি দেওয়া হলেও তারা শর্ত ভেঙে পুকুরের মাছ ধরে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে বণ্টন এবং বাজারে বিক্রি করে টাকা আত্মসাৎ করে। নিরাপত্তা কর্মীরা রাতের আঁধারে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালেও তৎকালীন নির্বাহী প্রকৌশলী আবু নাসের চৌধুরীর প্রত্যক্ষ নির্দেশ ও সুরক্ষার কারণে ওই ঠিকাদারের বিরুদ্ধে কোনো আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়নি। উপরন্তু, ঠিকাদারকে বাঁচাতে তিনি এবং তাঁর অধীনস্থ কতিপয় প্রকৌশলী প্রত্যক্ষভাবে লড়েছিলেন।

তত্ত্বাবধায়ক প্রকৌশলী হিসেবে পদোন্নতি পেয়ে বগুড়ায় কর্মরত থাকাকালীন সময়েও ড. আবু নাসের চৌধুরীর বিরুদ্ধে ব্যাপক অনিয়মের অভিযোগ ওঠে। এলটিএম পদ্ধতির পরিবর্তে ওটিএম (OTM) পদ্ধতিতে দরপত্র আহ্বানের অনুমতি দিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ বরাদ্দসহ বিভিন্ন উন্নয়ন কাজের বিপরীতে ঠিকাদারদের কাছ থেকে ১০ শতাংশ হারে কমিশন আদায় করা হয়েছে বলে জানা গেছে।

বগুড়া গণপূর্ত বিভাগে ২০২৪-২৫ অর্থবছরে ওটিএম দরপত্র আহ্বানের বহু আইডি (যেমন: Id.no.1111781, Id.no.11113079, Id.no.1081546, Id.no.1100790 ইত্যাদি) ব্যবহার করে ঠিকাদারদের সঙ্গে যোগসাজশে কোটি কোটি টাকার কাজ নিজেদের পছন্দমতো পাইয়ে দিয়ে তিনি বিশাল অঙ্কের অবৈধ অর্থ হাতিয়ে নেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের চলমান উন্নয়ন প্রকল্পের ভেরিয়েশন সুবিধার বিনিময়েও ঠিকাদারদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ আদায় করা হয়েছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মকর্তা নিশ্চিত করেছেন।

সরকারি চাকুরির আড়ালের আড়ালে ড. আবু নাসের চৌধুরী জ্ঞাত আয়বহির্ভূত শতকোটি টাকার মালিক বনে গেছেন বলে অভিযোগ রয়েছে। রাজধানীর তেজগাঁও তেজকুনি পাড়ায় কয়েক কোটি টাকা ব্যয়ে ৫ তলা বাড়ি নির্মাণের পাশাপাশি গুলশান-২, মিরপুর ও বাড্ডা এলাকায় তাঁর ও তাঁর পরিবারের সদস্যদের নামে-বেনামে একাধিক প্লট ও ফ্ল্যাট রয়েছে। এমনকি দেশ ও দেশের বাইরেও অবৈধ উপায়ে বিপুল পরিমাণ সম্পদ পাচার করা হয়েছে বলে গুঞ্জন রয়েছে। সরকারের গোয়েন্দা সংস্থা নিরপেক্ষভাবে তদন্ত করলেই তাঁর এই অবৈধ সম্পদের পাহাড়ের সত্যতা বেরিয়ে আসবে বলে এলাকাবাসীর বিশ্বাস।

বর্তমান গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিবের নাম ভাঙিয়ে এবং বিভিন্ন মহলে আত্মীয়তার মিথ্যা প্রভাব খাটিয়ে তিনি গণপূর্ত অধিদপ্তরে এক ত্রাসের রাজত্ব কায়েম করেছেন। তাঁর গড়া সিন্ডিকেটের মাধ্যমে বিভিন্ন ডিভিশনের নির্বাহী প্রকৌশলীদের ওপর নানা তদবির ও চাপ সৃষ্টি করা হচ্ছে। বদলি বাণিজ্য ও ঠিকাদারদের ব্ল্যাকমেইল করে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার এই অসাধু চক্রের কারণে গণপূর্ত অধিদপ্তরের সাধারণ কর্মকর্তা ও সৎ কর্মচারীরা আজ চরম অসহায় হয়ে পড়েছেন। অবিলম্বে সরকারের উচ্চপর্যায়ের গোয়েন্দা সংস্থাসহ দুর্নীতি দমন কমিশনের (দুদক) মাধ্যমে তাঁর বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত ও কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *